বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় মেক্সিকোর কোপেল

কোপেলের ১০ সদস্যের একটি দল জুলাইয়ে ঢাকায় আসছে। এর অংশ হিসেবে সচিবালয়ে আজ মঙ্গলবার বৈঠক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানিটি বাংলাদেশি মুদ্রায় এক বছরেই ১ লাখ ১১ হাজার ৬০০ কোটি টাকার খুচরা পণ্য বিক্রি করেছে। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের এক বছরের বাজেট হয়েছিল প্রায় এই পরিমাণ টাকা দিয়ে।

বিশ্বের ১৫৬তম বৃহত্তম কোম্পানি হিসেবে পরিচিত মেক্সিকোর এ প্রতিষ্ঠানের নাম কোপেল। বিশ্বের ২ হাজার ৭০০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে পণ্য কিনে থাকে এ কোম্পানি। প্রতিবছর বিশ্বের নতুন নতুন দেশে কোম্পানিটি তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। ব্যবসা সম্প্রসারণে এবার তাদের চোখ বাংলাদেশে। এ জন্য কোপেলের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আসছে ঢাকায়। জুলাইয়ের শুরুতে তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে কোপেলকে স্বাগত জানাতে চায় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় তার প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিএফএলএলএফইএ) সংশ্লিষ্ট সমিতিগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে কোপেলের প্রতিনিধিদলটি। এ দলের নেতৃত্ব দেবেন কোম্পানিটির সোর্সিং ব্যবস্থাপক হর্হে গোমেজ গার্সিয়া। কোম্পানিটির বিভিন্ন দিক তুলে ধরে গত মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ওই চিঠিতে কোম্পানিটিকে মেক্সিকোর নেতৃস্থানীয় খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত কোপেলের মেক্সিকোর ৭০০টি শহরে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। আর মেক্সিকোতে ১ হাজার ৬০০টি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এ কোম্পানির। কোপেল থেকে পণ্য কিনে থাকেন প্রায় তিন কোটি মানুষ। ২০২১ সালে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৩ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ৬০০ কোটি টাকা।

ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রির জন্য কোপেল মোটরসাইকেল, বাইসাইকেল, সেলফোন এবং আনুষঙ্গিক পণ্য, কম্পিউটার অ্যান্ড অ্যাকসেসরিজ, টায়ার, লাগেজ, লিনেন, আসবাব ও গৃহস্থালি সাজসজ্জা, গয়না, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিকস, তৈরি পোশাক, পাদুকাসহ বিভিন্ন পণ্য কিনে থাকে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম চিঠিতে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষকে জানান, কোপেল বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে চায়। বাইসাইকেল, হোম টেক্সটাইল, অন্তর্বাস, হোম অ্যাপ্লায়েন্স, পাটজাত পণ্য এবং সিরামিক পণ্য আমদানি করতেও আগ্রহী তারা।

যোগাযোগ করলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেকোনো বিদেশি বিনিয়োগকেই আমরা স্বাগত জানাই। তারা এলে আমরা আগে আলোচনা করব। পরে আমাদের দিক থেকে এমন উদ্যোগ নেব, যাতে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণ হয়।’