বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ছে। দেশে দেশে রেকর্ড উচ্চতায় উঠছে মূল্যস্ফীতির সূচক। মূল্যস্ফীতি মোকাবিলায় নীতি সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে বেড়ে গেছে ঋণের সুদহার। এতে পুঁজিবাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। সব মিলিয়ে ঘনীভূত হচ্ছে মন্দার আশঙ্কা। এ অবস্থায় কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের পথে হাঁটছে না। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিম্নমুখী হয়েছে বৈশ্বিক বিভিন্ন কোম্পানির একত্রীকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রম।
বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণ ও অধিগ্রহণ চুক্তির জগতে রীতিমতো খরা চলছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও পুঁজিবাজারের বিপর্যয় অনেক করপোরেট পর্ষদ ব্যবসা বাড়ানোর সাহস করতে পারছে না। অর্থাৎ ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা থেকে তারা সরে আসছে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে রুশ আগ্রাসন এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা এমঅ্যান্ডএ কার্যক্রমে ধাক্কা দিয়েছে। খবর রয়টার্সের
প্রযুক্তি প্রতিষ্ঠান ডিয়েলজিকের তথ্যানুসারে, এপ্রিল-জুনে ঘোষিত চুক্তির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৫ শতাংশ কমে ১ লাখ কোটি ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের এমঅ্যান্ডএ বিভাগের প্রধান অ্যালিসন হার্ডিং-জোনস বলেন, প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে এমঅ্যান্ডএ কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে। এর বদলে প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক মন্দার প্রভাবের দিকে বেশি মনোযোগী। কারণ, আগামী দিনে চুক্তি করার অনেক সময় পাওয়া যাবে।
ডিয়েলজিকের তথ্যানুসারে, দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের এমঅ্যান্ডএ কার্যক্রম ৪০ শতাংশ কমেছে। অর্থের দিক থেকে তা ৪৫ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যদিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার ১০ শতাংশ। তবে ইউরোপই একমাত্র অঞ্চল, যেখানে এমঅ্যান্ডএ কার্যক্রম সংকুচিত হয়নি।
এদিকে ব্যবসা সম্প্রসারণ শ্লথ হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে আয়ও কমে গেছে। দ্বিতীয় প্রান্তিকে এই আয় ৮৪ শতাংশ কমে ৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।