ব্যবসায়ীদের জন্য নগদ উত্তোলন সীমা বাড়াল ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে চলতি হিসাব থেকে সপ্তাহে ৫০ হাজার রুপি পর্যন্ত তুলতে পারবে ভারতের ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীদের জন্যও একই নিয়ম জারি করা হয়েছে। আজ সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে। চলতি হিসাব থেকে অর্থ তুলতে নতুন শর্ত হচ্ছে, অন্তত তিন সপ্তাহ সক্রিয় থাকতে হবে হিসাবটি। আজ সোমবার ইকোনমিকস টাইমস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫০০ ও ১০০০ রুপির বাতিল নোটের বদলে নতুন নোট হাতে পেতে এখন দেরি হচ্ছে। ভারতের ব্যাংক-এটিএম-পোস্ট অফিসগুলোর সামনে দীর্ঘ লাইনে প্রতীক্ষা করছে বহু মানুষ। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে এই ছাড়ের ঘোষণা এল।

আজ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এর মধ্যে ব্যবসায়ীদের জন্য এই ছাড়ের কথা ঘোষণা করা হয়।

বৈঠক শেষে অর্থসচিব শক্তিকান্ত দাস জানান, সব এটিএম বুথের মাধ্যমে যেন টাকা তোলা যায়, সেদিকে লক্ষ রাখবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ওই সব লেনদেনের চার্জের ওপরও ছাড় দেওয়া হবে। ন্যাশনাল পেমেন্ট করপোরেশনকে এ নিয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোও এ আওতায় পড়বে।

বর্তমানে ভারতে বিভিন্ন ব্যাংকের প্রায় ২ লাখ ২০ হাজার এটিএম বুথ আছে। শক্তিকান্ত দাস আরও জানান, ‘আজকালের মধ্যেই বুথগুলো থেকে দুই হাজার রুপির নোট পাওয়া যাবে।’

ভারতের কেন্দ্রীয় সরকার ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট বাতিল ঘোষণা করে। দেশজুড়ে পরদিন ব্যাংক এবং দুদিন এটিএম বুথও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে ব্যাংকগুলো কম মূল্যমানের মুদ্রাগুলো মজুত করে গ্রাহকদের বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপি বদলে দিতে পারে। এ ছাড়া গ্রাহকেরা প্রত্যেকে ২৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহে চলতি হিসাব থেকে সর্বোচ্চ ২০ হাজার রুপি বদলাতে পারবেন, এমন নির্দেশনাও দেওয়া হয়।