ব্যয় কমানো ও কর বাড়ানোর ঘোষণা সৌদি আরবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ক্রমাগত কমতে থাকায় সৌদি রাজকোষে কিছুটা হলেও টান পড়েছে। যে কারণে দেশটি আসন্ন ২০১৬ সালে সরকারি ব্যয় কমানো এবং কর ও ভর্তুকিতে বিক্রি করা জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে তাদের শেয়ারবাজারে বড় দরপতন ঘটেছে।
দেশটির শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই প্রধান সূচক ৩ শতাংশ পড়ে যায়। এর মধ্যে পেট্রোকেমিক্যাল বা তেল খাতের কোম্পানিগুলোর শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে।
সৌদি আরবের পেট্রোকেমিক্যাল বা জ্বালানি খাতের বৃহত্তম কোম্পানি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। আরেক কোম্পানি সৌদি কায়ানের শেয়ারদর পড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
জ্বালানি তেলের দাম কমার কারণে এ বছরে দেশটির বাজেট ঘাটতি বেড়ে ৯৮ বিলিয়ন বা ৯ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই অর্থ বাংলাদেশের প্রায় ৭ লাখ ৮৪ হাজার কোটি টাকা বা চলতি ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটের (২ লাখ ৯৫ হাজার কোটি টাকা) প্রায় আড়াই গুণেরও বেশি।
বর্তমান বাদশাহ সালমানের আমলে প্রথম বাজেটে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ৮০০ কোটি সৌদি রিয়াল বা ১৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সমান। তবে এটি সরকারি প্রত্যাশার চেয়ে ১৫ শতাংশ কম।
চলতি বছরে দেশটিতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫০০ কোটি রিয়াল। এটি সরকারি প্রাক্কলনের চেয়ে ১৩ শতাংশ বেশি। এই অবস্থায় সৌদি অর্থ মন্ত্রণালয় দেশে জ্বালানি তেল বিক্রিতে দেওয়া ভর্তুকি কাটছাঁট করার কথা বলেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি পণ্যের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। ডিজেল ও বিদ্যুতের পাশাপাশি বাড়বে পানির দামও। তবে দাম বাড়ানো হলেও তা আন্তর্জাতিক দামের চেয়ে কম রাখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
নয়া পদক্ষেপ ঘোষণার প্রেক্ষাপট সৌদি বাদশাহ সালমানের বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে; দেশে, আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক খাতে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে; বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তুলনায় কমেছে এবং প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা চলছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ধস নামার কারণেই মূলত সৌদি আরব অর্থনীতি নিয়ে বেশ বেকায়দায় পড়েছে। কারণ, দেশটির মোট রাজস্ব আয়ের ৭৭ শতাংশই আসে তেল বিক্রির মাধ্যমে। এটি চলতি ২০১৫ সালের হিসাব, যা গত বছরের চেয়ে ২৩ শতাংশ কম।
কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কমে এখন প্রতি ব্যারেল ৩৭ ডলার ১৮ সেন্টে নেমে এসেছে। অথচ ২০১২ সালের মার্চেও এই দাম ছিল ১২৫ ডলার।
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্যদের মধ্যে সৌদি আরবই সবচেয়ে বেশি পরিমাণ তেল রপ্তানি করে। আন্তর্জাতিক বাজারে দাম ক্রমাগত কমতে থাকলেও সৌদি আরবের নেতৃত্বে রপ্তানিকারক দেশগুলো তেল উত্তোলনের পরিমাণ কমায়নি। দুটি কারণে তারা এ সিদ্ধান্ত নেয়। প্রথমত, রপ্তানি আয়ের পরিমাণ ধরে রাখার চেষ্টা করা। দ্বিতীয়ত, মার্কিন কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে তেলের ব্যবসায় থেকে হটিয়ে দেওয়া। কারণ, সৌদি আরব মনে করে, তারা দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও ঋণগ্রস্ত কোম্পানিগুলোর তুলনায় কম দামে তেল বিক্রি করে যেতে পারবে।
এদিকে চলতি বছরে সৌদি আরবের সামরিক ও নিরাপত্তা খাতে ব্যয়ের পরিমাণ বেড়ে দুই হাজার কোটি রিয়ালে উন্নীত হয়েছে। বিশেষ করে ইয়েমেনে হামলার নেতৃত্ব দিতে এবং সশস্ত্র ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে দেশটির সামরিক খাতের ব্যয় বেড়ে গেছে। সূত্র: বিবিসি