ব্রিকস ব্যাংকের চেয়ারম্যান ভারতের কে ভি কামাথ

ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিকস ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের কে ভি কামাথ। তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
বর্তমানে কামাথ ভারতের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক আইসিআইসিআইয়ের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সাংহাইয়ে ব্রিকস ব্যাংকের সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পাঁচ বছরে ব্রিকসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে ভারত। এর পরে সভাপতির দায়িত্ব পালন করবে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। ভারতের প্রধান সব গণমাধ্যমে কামাথের এ নিয়োগের খবরটি প্রচার করা হয়েছে।
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার এই পাঁচ দেশের আদ্যক্ষর নিয়ে ২০১১ সালে ব্রিকস জোট গঠন করা হয়।
৬৭ বছর বয়সী কামাথ যন্ত্র প্রকৌশলে স্নাতক সম্পন্ন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) আহমেদাবাদ থেকে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। এশীয় উন্নয়ন ব্যাংকেও (এডিবি) গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০০৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পদক দেয়।
গত বছরের নভেম্বরে ব্রাজিলের ফোর্তালেজা শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস ব্যাংককের নাম প্রস্তাব করেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অর্থায়নে কাজ করবে ব্রিকস ব্যাংক।
পশ্চিমা বিশ্ব-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র দাপট কমাতে ব্রিকস ব্যাংক কার্যকর হবে আশা করছেন এর উদ্যোক্তারা। নতুন এই ব্যাংকটির রিজার্ভের পরিমাণ হবে ১০ হাজার কোটি মার্কিন ডলার। ব্যাংকটিতে চীনের নিয়ন্ত্রণ কমাতে সদস্যদেশগুলোর মতপার্থক্য দূর করতে সময় লেগে যায় প্রায় দুই বছর। এই ব্যাংকে কোন দেশ কী পরিমাণ চাঁদা দেবে, সেটা নিয়েও মতপার্থক্য ছিল। অর্থনীতির শক্তি অনুযায়ী চাঁদার পরিমাণ নির্ধারণের প্রস্তাব ছিল চীনের। তবে ভারত ও ব্রাজিল চীনের এ প্রস্তাবে আপত্তি জানায়। শেষ পর্যন্ত প্রতিষ্ঠাতা পাঁচটি দেশই সমানভাবে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান ইকোনমিক টাইমস