ব্রিকসে ভারতের অর্থনীতি চাঙা, ব্রাজিলে মন্দা, রাশিয়া চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার মুদ্রা রুবল
রাশিয়ার মুদ্রা রুবল

পাঁচ অগ্রসর উন্নয়নশীল দেশের মধ্যে ব্রাজিল ও রাশিয়ার অবস্থা এখন নাজুক। ব্রাজিলের অর্থনীতি ইতিমধ্যে মন্দার কবলে পড়েছে। আর রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তবে এই ঘরানার আরেক দেশ ভারতের অর্থনীতি চাঙা হয়ে উঠেছে।
এই পাঁচ দেশের অপর দুটি হলো চীন ও দক্ষিণ আফ্রিকা। নামের আদ্যক্ষর নিয়ে এসব দেশকে সমসাময়িক বিশ্ব অর্থনীতিতে ‘ব্রিকস’ বলে ডাকা হয়।
ভারত: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল (প্রায় ১২৪ কোটি জনসংখ্যা) দেশ ভারতে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত আড়াই বছরে এটাই দেশটির সর্বোচ্চ হারের প্রবৃদ্ধি।
সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং আর্থিক সেবা খাতে অগ্রগতির সুবাদেই মূলত ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।
নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতা পেয়েই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর খাতের সংস্কারসহ বিনিয়োগ-সহায়ক নীতিমালা হাতে নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হয়। তাঁরা আবার বিনিয়োগ করতে শুরু করেন। এর ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়ায়, ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পায় এবং সব মিলিয়ে দু-তিন মাসের মধ্যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
ব্রাজিল: সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের অর্থনীতি মন্দার কবলে পড়ে গেল। গত এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির জিডিপি শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।
প্রসঙ্গত, কোনো দেশের অর্থনীতি পরপর দুটি প্রান্তিকে সংকুচিত হলে অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমলে সেটাকে মন্দা বলা হয়।
জনমত জরীপ অনুযায়ী অর্থনীতি মন্দার কবলে পড়ায় ব্রাজিলের আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরিবেশবাদী নেত্রী ম্যারিনা সিলভার কাছে হেরে যেতে পারেন। ব্রাজিলে গত জুন-জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল দেশটির অর্থনীতিতে অনেক অবদান রাখবে বলে আশা করা হলেও শেষ পর্যন্ত তেমনটা ঘটেনি।
রাশিয়া: মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের বিনিময় হার কমে যাওয়ার নতুন রেকর্ড হয়েছে। প্রতি ডলার এখন কেনাবেচা হচ্ছে ৩৭ রুবলে। ১৯৯৮ সালে রুবল পুনর্গঠনের পরে এটাই হলো মুদ্রাটির সর্বনিম্ন দর।
রাশিয়ার ওপর ইউরোপ-আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এতেই মূলত রুবলের বিনিময় হারে নেতিবাচক প্রভাব পড়েছে।
রুশ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বিনিময় হারে হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই রুবলের দাম মারাত্মকভাবে পড়ে গেছে। সূত্র: বিবিসি