ব্রেক্সিটে বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি বেড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্ত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের ঝুঁকি বেড়ে গেছে।
চীনের শেংডু শহরে বিশ্বের বৃহত্তম ২০ অর্থনীতির জোট জি২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে গতকাল রোববার এ কথা বলা হয়েছে।
গত ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন সেই দেশের জনগণ। এটি বৈশ্বিক অর্থনীতিতে ‘অনিশ্চয়তা যোগ’ করে বলে মত দিয়েছেন জি২০ জোটের আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিরা।
তবে সম্মেলনে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড শোনান আশার কথা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে যুক্তরাজ্যকে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখা যাবে।’ তিনি আরও বলেন, জি২০ গোষ্ঠী বলেছে, ব্রেক্সিটের আর্থিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় তারা ভালো অবস্থায় রয়েছে। ব্রেক্সিট ছাড়াও বর্তমানে বৈশ্বিক অর্থনীতির সামনে ভূরাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত, সন্ত্রাসী কর্মকাণ্ড ও শরণার্থী সমস্যা রয়েছে।
জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট জেন্স ওয়িডম্যান সম্মেলনে বলেন, এখনো পর্যন্ত ইউরোপে যুক্তরাজ্যের গণভোটের উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।
জেন্স ওয়িডম্যান আরও বলেন, জি২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা সম্মেলনে একমত হন যে ব্রেক্সিট গণভোটের ফলে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও চলতি ২০১৬ ও আগামী ২০১৭ সালে বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়ন ঘটবে।
তবে এ জোটের নীতিনির্ধারকেরা আলাদাভাবে অবশ্য স্বীকার করেন যে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত পরিমাণে ইস্পাত সরবরাহ একটি বৈশ্বিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে। কারণ তাঁরা মনে করেন, ইস্পাত খাতে অতিরিক্ত পরিমাণ পণ্য উৎপাদনের সক্ষমতা থাকায় এর নেতিবাচক প্রভাব বাণিজ্য ও শ্রমিকের ওপর পড়তে পারে। সে জন্য পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং বাকি ৪৮ শতাংশ বিপক্ষে ভোট দেন।