ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের মন্দায় পড়ার আশঙ্কা ৫০/৫০

ব্রেক্সিট গণভোটের কারণে আগামী ১৮ মাসের মধ্যে যুক্তরাজ্যের অর্থনৈতিক মন্দার কবলে পড়ার ৫০/৫০ চান্স বা আধাআধি আশঙ্কা রয়েছে।
দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ (এনআইইএসআর) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এই পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, যুক্তরাজ্যের অর্থনীতি চলতি ও আগামী বছরে মন্থর থাকবে। ২০১৭ সালের শেষ দিকে গিয়ে মূল্যস্ফীতির হার বেড়ে ৩ শতাংশে উন্নীত হবে। এটাকে ব্রেক্সিট নামের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার স্বল্পমেয়াদি পরিণতি বলে উল্লেখ করেন এনআইইএসআরের হেড অব ম্যাক্রো-ইকোনমিক মডেলিং অ্যান্ড ফোরকাস্টিং সিমন কিরবি।
কোনো দেশের অর্থনীতিতে পরপর দুই প্রান্তিকে সংকোচন দেখা দিলে বা প্রবৃদ্ধি নেতিবাচক হলে সেটাকে অর্থনৈতিক মন্দা বলা হয়।
যুক্তরাজ্যের অর্থনীতিতে চলতি ২০১৬ সালে ১ দশমিক ৭ শতাংশ ও ২০১৭ সালে মাত্র ১ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে এনআইইএসআর পূর্বাভাস দিয়েছে।
সিমন কিরবি বলেন, গত জুনের ব্রেক্সিট গণভোট যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে জনগণের ভোক্তা ব্যয় ও উদ্যোক্তাদের বিনিয়োগ সিদ্ধান্তে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার বিষয়ে (ব্রিটিশ এক্সিট, যা ব্রেক্সিট নামে পরিচিতি পায়) যুক্তরাজ্যে গত ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ দশমিক ১ শতাংশ বিপক্ষে ভোট দেয়।
সিমন কিরবি বলেন, ‘আমরা মনে করি যে চলতি বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাজ্যের অর্থনীতিতে মন্থরতা দেখা যাবে। এই প্রবণতা ২০১৭ সালজুড়ে অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক মন্থরতার কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে স্বল্প মেয়াদে মন্থরতার ঝুঁকি বাড়বে এবং তা আগামী ১৮ মাসের মধ্যে ‘টেকনিক্যাল রিসেশন’ বা ‘কার্যত মন্দা’ ডেকে আনবে।
এনআইইএসআর বলেছে, সাম্প্রতিক কালে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হার পড়ে যাওয়ার কারণে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৩ শতাংশে উঠতে পারে। তবে সেটাকে খাটো করে দেখাই উচিত হবে ব্যাংক অব ইংল্যান্ডের (কেন্দ্রীয় ব্যাংক)।
কিরবি বলেন, মূল্যস্ফীতিকে সাময়িক বলে ধরে নেওয়া এবং মুদ্রানীতি শিথিল রাখাই উচিত হবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি-বিষয়ক কমিটির।
এনআইইএসআর মনে করে, ব্যাংক অব ইংল্যান্ড চলতি সপ্তাহের শেষ দিকে নীতিনির্ধারণী সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনলেও পরে তা আরও কমিয়ে শূন্য দশমিক ১ শতাংশে নির্ধারণ করবে।
এদিকে আলাদা এক প্রতিবেদনে সিবিআই বিজনেস লবি জানিয়েছে, যুক্তরাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের আশঙ্কা, আগামী তিন মাসের মধ্যেই তাঁদের পণ্য বিক্রির ফরমাশ কমে যাবে।
সিবিআই বিজনেসের সর্বশেষ এ জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্যের এসএমই খাতের ব্যবসায়ে আশাবাদ কমে গেছে, যেমনটা ২০০৯ সালে মন্দায় পড়ার সময়ে দেখা গিয়েছিল। ব্রেক্সিটের প্রভাবে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাতে পুরোনো সেই শঙ্কাই জোরালো হয়ে উঠছে।
৪৭২টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত সিবিআই বিজনেস জরিপে অবশ্য বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে মত দেওয়া হয়েছে। কিন্তু স্বল্প মেয়াদে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও ব্যক্ত করা হয়েছে।
সিবিআই বিজনেসের অর্থনীতিসংক্রান্ত পরিচালক রেইন নিউটন-স্মিথ বলেন, পাউন্ডের বিনিময় হার দুর্বল হয়ে পড়লেও যুক্তরাজ্যের এসএমই উদ্যোক্তারা প্রচুর লোকবল এনে অধিক পরিমাণে বৈশ্বিক মানের পণ্য উৎপাদন করছেন এবং তা আগামী প্রান্তিকে বিক্রির আশায় আছেন। তবে সার্বিকভাবে তাঁরা কম আশাবাদী এবং নতুন বিনিয়োগ পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চাইছেন বলে নিউটন-স্মিথ উল্লেখ করেন।
এ ছাড়া মার্কিট/সিআইপিএসের গত সোমবার প্রকাশিত এক সূচকে যুক্তরাজ্যের উৎপাদন খাতে কার্যক্রম গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়ে পড়েছে। আর ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের সর্বশেষ জরিপে যুক্তরাজ্যে জুলাইয়ে সার্বিকভাবে জিনিসপত্রের দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।