ব্রেক্সিটের পুরো পরিকল্পনা নেই ব্রিটিশ সরকারের, প্রতিবেদন ফাঁস
ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার বিষয়ে (ব্রেক্সিট) যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বিভাজন তৈরি হয়েছে। আর সে কারণে যুক্তরাজ্য সরকারের এ ব্যাপারে এখনো পুরো কোনো পরিকল্পনা নেই। ফাঁস হওয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মন্ত্রিপরিষদ কার্যালয়ের একজন পরামর্শক ‘ব্রেক্সিট আপডেট’ নামের এই প্রতিবেদন তৈরি করেছেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। প্রতিবেদনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সমালোচনা করা হয়। বলা হয়, তিনি নিজেই ব্রেক্সিট বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছেন।
এই ফাঁস হওয়া নথিতে ব্রেক্সিট আলোচনা নিয়ে মন্ত্রিসভার মধ্যে বিভাজনের বিষয়টি লক্ষণীয় করে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন কোন বিষয়টি অগ্রাধিকার পাবে, সে সিদ্ধান্ত নিতে সরকারের আরও ছয় মাস সময় লাগতে পারে। এতে আরও বলা হয়, ব্রেক্সিট বাস্তবায়নে সরকারের ৩০ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হবে। তবে বিভিন্ন দপ্তর নিজেদের পরিকল্পনা নিচ্ছে বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট নিয়ে এখন অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারের মাথায় বন্দুক ধরেছে। কারণ, তারা চায় না ব্রেক্সিটের কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক তাদের ব্যবসায়।
সরকার বলছে, এই প্রতিবেদনের বিষয়ে তারা জানে না, কোনো পরামর্শক প্রতিষ্ঠানের অযাচিত কোনো কাজ এটি।
যোগাযোগমন্ত্রী ক্রিস গ্রেলিং বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাঁস হওয়া নথি সম্পর্কে বলেন, কোনো ধারণা নেই কোথা থেকে এটি এল। তিনি এ প্রতিবেদনের বিষয়বস্তুকে অস্বীকার করে বলেন, ‘আমি যা জানি, তার সঙ্গে এই প্রতিবেদনের কোনো মিল নেই। ব্রেক্সিট একটি দলগত প্রচেষ্টা।’