ব্লুমবার্গে ফিরছেন ব্লুমবার্গ

নিউইয়র্কভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের দায়িত্বে ফিরে আসছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা মাইকেল রুবেনস ব্লুমবার্গ।
২০০৭ সালে মাইকেল যখন নিউইয়র্ক সিটির ১০৮তম মেয়রের দায়িত্ব নেন, তখন তিনি বিদায়ী ডেপুটি মেয়র ড্যানিয়েল এল ডক্টোরফকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেন।
মাইকেল সম্প্রতি জানান যে তিনি ব্লুমবার্গের পরিচালনা ও কৌশল নির্ধারণে আরও বেশি সময় দিতে চান। এরপরই ডক্টোরফ তাঁর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ প্রসঙ্গে নিউইয়র্ক টাইমসকে ডক্টোরফ বলেন, ‘যখন মাইক (ব্লুমবার্গ) সিদ্ধান্ত নিলেন যে তিনি কোম্পানিতে আরও বেশি সময় দিতে চান, তখন শীর্ষ ব্যবস্থাপনায় অবশ্যই পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। আমি সাত বছর ধরে সিইওর দায়িত্ব পালন করলেও এটি আমার নয়, তাঁরই কোম্পানি; যেখানে তিনি আবার জড়িত হতে চান।’

মাইকেল এক বিবৃতিতে ডক্টোরফের বিদায়ের ঘোষণাকে তাঁদের জন্য একটি দুঃসংবাদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সত্যি আমি চাই যে ড্যান আমাদের কোম্পানিতে থাকেন এবং সৃজনশীল ও সুশৃঙ্খল নেতৃত্ব চালিয়ে যান। কিন্তু তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিও আমি অনুধাবন করি।’
১২ বছর নিউইয়র্ক শহরের মেয়র পদে দায়িত্ব পালনের পর মাইকেল নিজের প্রতিষ্ঠিত কোম্পানিতে ফিরে আসছেন। তিনি বলেন, ‘আমি কোম্পানির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে পড়ায় সম্প্রতি ড্যান আমার কাছে এসে জানান যে দায়িত্ব ফিরিয়ে দেওয়াই তাঁর জন্য উত্তম।’
৭২ বছরের মাইকেল অবশ্য সিইওর পদটি না নিয়েই কোম্পানির নেতৃত্ব দেবেন।
৫৬ বছর বয়সী ডক্টোরফ ব্লুমবার্গের সিইও হিসেবে যোগ দেওয়ার আগে ছয় বছর নিউইয়র্ক শহরের ডেপুটি মেয়র ছিলেন।
ডক্টোরফ সম্পর্কে মাইকেলের মূল্যায়ন হলো, ‘আমাদের প্রজন্মে দেখা সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের সময়ই তিনি নিবিড় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কোম্পানিকে দিকনির্দেশনা দিয়েছেন।’
অপরদিকে ডক্টোরফ বলেন, ‘ব্লুমবার্গ ছেড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। তবে এমন সিদ্ধান্ত নেওয়াটা কোম্পানি, মাইক ও আমার জন্য সঠিকই ছিল। কারণ এটি তাঁরই কোম্পানি, তিনি দায়িত্ব নিতেই পারেন। গত সাত বছরের অর্জনগুলোর জন্য আমি গর্ব বোধ করছি।’
ব্লুমবার্গের তথ্য-উপাত্তেও ক্রমাগত প্রবৃদ্ধির চিত্র ফুটে উঠেছে। এতে দেখা যায়, ডক্টোরফের দায়িত্ব নেওয়ার বছর ২০০৭ সালে কোম্পানির বার্ষিক আয়ের পরিমাণ ছিল ৫৪০ কোটি মার্কিন ডলার। আর চলে যাওয়ার সময়ে তা ৯০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
মাইকেল ব্লুমবার্গসহ থমাস সেকুন্ডা, ডানকান ম্যাকমিলান ও চার্লস জেগার ১৯৮১ সালে ব্লুমবার্গ প্রতিষ্ঠা করেন। এতে ১৫ হাজারের মতো কর্মী রয়েছে। মাইকেলের বর্তমান বয়স ৭২ বছর।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস