ব্ল্যাক ফ্রাইডের বিরুদ্ধে যা করবেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক ফ্রাইডে মানেই হচ্ছে উচ্ছ্বাস আর কেনাকাটার ধুম। এই দিনে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে ব্যবসাপ্রতিষ্ঠানে। আর এ ছাড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মানুষ। যার ফলে দেখা যায় প্রয়োজন নেই এমন কেনাকাটাও বেশি হয়। আর এ বিষয় নিয়ে এবার সোচ্চার যুক্তরাজ্যের ছোট ও খুচরা বিক্রেতারা। অনলাইন বিক্রেতাদের দ্বারা প্রলুব্ধ এ উন্মুক্ত ভোগবাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিচ্ছেন তাঁরা। সারা দেশের অসংখ্য স্বাধীন খুচরা বিক্রেতা জানিয়েছেন, এবারের ব্ল্যাক ফ্রাইডে ওয়েবসাইটি বন্ধ করে রাখবেন তাঁরা। কেউ বলছেন দাতব্য প্রতিষ্ঠানে তাঁদের লাভের অংশ দান করে দেবেন আবার কেউবা বলছেন স্রেফ গাছ লাগিয়ে প্রতিবাদ জানাবেন।

যুক্তরাজ্যে প্রায় ৮৫ শতাংশ স্বাধীন খুচরা বিক্রেতারা এ বছর ব্ল্যাক ফ্রাইডেতে অংশগ্রহণ করবেন না। ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট রিটেইলার অ্যাসোসিয়েশন (বিআইআরএ) বলছে এ বছর ব্ল্যাক ফ্রাইডে বয়কট করছে রেকর্ডসংখ্যক ব্যবসায়ী। আমাজনের মতো জায়ান্ট অনলাইন শপিং ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্দোলনের অংশ হিসেবে এবার এটি করতে চলেছেন ছোট ব্যবসায়ীরা।

পরিবেশবান্ধব উপহার বাক্স তৈরির দোকান আউট অফ দ্য বক্স গিফটসের প্রতিষ্ঠাতা জো রবার্টস বলেন, ‘আমি স্থানীয় খাদ্য ব্যাংকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সপ্তাহব্যাপী যে বিক্রি হবে তার ১০ শতাংশ দান করে দেব। ব্ল্যাক ফ্রাইডে অপছন্দ করার অনেক কারণ রয়েছে। প্রধান কারণ হলো, আমি মনে করি এটি আমাদের এমন জিনিস কিনতে উৎসাহিত করে, যা আমাদের প্রয়োজন নেই তাই অপচয় বাড়ায়।’ তিনি মনে করেন এই এক দিন বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে প্রতিযোগিতা করা ছোট ব্যবসায়ীর পক্ষে একদম অসম্ভব। কারণ, ছোট ব্যবসাগুলো সারা বছর তাদের পণ্যের ন্যায্য দাম রাখে এবং তাই বছরের ব্যস্ততম সময়ের ঠিক আগে খুব বেশি ছাড় তারা দিতে পারে না।

জুয়েলারির দোকান শাটার জুয়েলারি এবং সেকেন্ড হ্যান্ড চিলড্রেনস অ্যান্ড ম্যাটারনিটি কাপড়ের খুচরা বিক্রেতা কুম্বরিয়ার মালিকেরা এবারের ব্ল্যাক ফ্রাইডে তারা গাছ লাগাবে। মূলত যে ভোগ হবে তার প্রতিষেধক হিসেবে গাছ লাগাবে তারা। শাটার জুয়েলারির মালিক সোফি ডি ট্যারান্টো বলেন, ‘আমি এ ভোগ বর্জ্য কমাতে যা করতে পারি, তাই করার চেষ্টা করব। আমি ১০০টি গাছ রোপণ করব। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে আমাদের বার্তা হলো আপনি কেনার আগে থামুন এবং চিন্তা করুন। যা কিনছেন তা কি আপনি ভালোবাসেন, না আপনার দরকার।’

বার্মিংহামভিত্তিক জুয়েলারি ও স্বর্ণকার রুথমেরি চিপারফিল্ড আগামী শুক্রবার তাঁর ওয়েবসাইট রুথমেরি ডট কমে গয়না মেরামতের একটি ভিডিও টিপস আপলোড দেবেন। এর মাধ্যমে তিনি মানুষকে এই বার্তা দিতে চান যে নিজের যা আছে সেগুলো মেরামত করলেই চলে যাবে। এমনকি মেরামত করে নিলে তা নিজের জন্য চমৎকার ক্রিসমাস উপহার হতে পারে।

ব্ল্যাক ফ্রাইডেবিরোধী আন্দোলনের জনপ্রিয়তা বাড়ছে। গত নভেম্বরে ফেসবুকে, ‘নট অন আমাজন’ নামে একটি গ্রুপ খোলা হয়, যেখানে এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার মানুষ যোগ দিয়েছেন। জেমি র‍্যাকহ্যাম এ গ্রুপটি তৈরি করেন। তিনি বলেন, এটি এমন একটি জায়গা যেখানে স্বাধীন সৃজনশীল ব্যবসায়ীরা তাঁদের তৈরি পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন।

বিআইআরএর প্রধান অ্যান্ড্রু গুড্যাক্রে জানান, স্বাধীন খুচরা বিক্রেতাদের জন্য মহামারি খুব কঠিন ছিল। গত ১৮ মাসে তাঁরা তিনটি লকডাউন, কয়েক সপ্তাহের বিধিনিষেধের শিকার হয়েছেন এবং এখন তাঁরা তাঁদের ব্যবসা আবার গড়ে তুলতে শুরু করেছেন। বড়দিন তাই স্বাধীন খুচরা বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মৌসুম হতে চলেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান