ব্ল্যাকবেরি কিনে নিচ্ছে স্যামসাং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরিকে কিনতে চাইছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ব্ল্যাকবেরিকে কিনতে ৭৫০ কোটি মার্কিন ডলার দর হেঁকেছে স্যামসাং।
করপোরেট বাজারে অ্যাপলের সঙ্গে পেটেন্ট-যুদ্ধে জয়ী হতে ব্ল্যাকবেরির পেটেন্ট ও প্রযুক্তিকে কাজে লাগাতে চায় স্যামসাং।
ব্ল্যাকবেরি ও স্যামসাংয়ের প্রতিনিধিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত সপ্তাহে ব্ল্যাকবেরির দাম ও কেনার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অবশ্য সরাসরি এ আলোচনার কথা অস্বীকার করেছে ব্ল্যাকবেরি ও স্যামসাং।
এক বিবৃতিতে ব্ল্যাকবেরি জানিয়েছে, ‘ব্ল্যাকবেরি বিক্রি করে দেওয়ার বিষয়ে স্যামসাংয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’ স্যামসাং জানিয়েছে, ‘ব্ল্যাকবেরি কেনার যে খবর গণমাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন।’
অবশ্য কানাডার গ্লোব ও মেইল-এর মতো সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় অফার ফিরিয়ে দিয়েছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা মনে করছে, বিক্রি করে দেওয়ার চেয়ে ব্ল্যাকবেরির পুনর্গঠন পরিকল্পনা শেয়ারধারীদের জন্য ভালো হবে। এ ছাড়া ৭০০ কোটি মার্কিন ডলারের মতো দামে ব্ল্যাকবেরিকে বিক্রি করে দেওয়াটা ঠিক হবে না।
একসময়ে স্মার্টফোন জগতের রাজকীয় হ্যান্ডসেট নির্মাতা হিসেবে পরিচিত ছিল ব্ল্যাকবেরি। বর্তমানে প্রধান নির্বাহী জন চেনের অধীনে স্মার্টফোন বাজারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। অ্যাপল, গুগল আর স্যামসাংয়ের সঙ্গে বাজারে পেরে উঠছে না একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি। সূত্র: রয়টার্স