‘ভারতে বানাও’ কর্মসূচির উদ্বোধন করলেন মোদি
ভারত ও চীন বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগিতায়

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নতুন প্রচারণা ‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘ভারতে বানাও’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ভারতের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের উপস্থিতিতে নরেন্দ্র মোদি বলেন, ভারতীয়দের কাছে এফডিআই মানে ‘ফার্স্ট ডেভেলপড ইন্ডিয়া’ বা ‘প্রথমে ভারতের উন্নতি’।
অন্যদিকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভারতের এ প্রচারণার সঙ্গে পাল্লা দিতে চীন শুরু করেছে ‘মেড ইন চায়না’ প্রচারণা। ঝিমিয়ে পড়া বিনিয়োগ পরিস্থিতিকে চাঙা করতে বিনিয়োগকারীদের কর বিষয়ে ছাড়ের পাশাপাশি অন্যান্য সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন সরকার।
ভারতে মেক ইন ইন্ডিয়া কার্যক্রমকে তুলনা করা হচ্ছে সিংহের এগিয়ে চলার সঙ্গে। আগুয়ান এই সিংহকে ভারতের বিনিয়োগ, উৎপাদন, শক্তি ও জাতীয় গর্বের প্রতীক মনে করা হচ্ছে। ভারতের জাতীয় প্রতীক ‘অশোক চক্র’-তেও চারটি সিংহকে ব্যবহার করা হয়েছে।
এই প্রচারণার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতকে বিদেশি বিনিয়োগের ও শিল্প উৎপাদনের একটি কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিস্থিতি তৈরি করে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কারখানা ভারতে স্থাপন করা এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মোদি মনে করছেন, এটি বাস্তবায়িত হলে একদিকে নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা দরিদ্র শ্রেণিকে মধ্যবিত্ত শ্রেণিতে তাড়াতাড়ি উন্নীত করতে সাহায্য করবে।
প্রধান নির্বাহীদের উপস্থিতিতে ওই বৈঠকে মোদি বলেন, শুধু সুশাসন ও প্রণোদনা দিয়ে বিনিয়োগ আকর্ষণ করা যাবে না। কার্যকর সুশাসন নিশ্চিত করে বিনিয়োগ অনুকূল একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিযোগকারীরা তার কার্যকারিতা বুঝতে পারেন। এ জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করা হবে।
ভারতে ব্যবসা পরিচালনা প্রক্রিয়া সহজ করা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান মোদি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগবান্ধব ১৮৯টি দেশের তালিকায় ভারতের অবস্থান ১৩৪তম, আগামী কয়েক বছরের মধ্যে তা ৫০-এর মধ্যে নিয়ে আসা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানি আগামী দেড় বছরের মধ্যে ভারতে এক লাখ ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেন। টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি বলেন, বিনিয়োগ আকর্ষণে স্পর্শকাতর অবকাঠামো উন্নয়ন একটি চ্যালেঞ্জ। সরকার ও বেসরকারি খাতকে এ ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যদিকে চীনের সরকার উচ্চপ্রযুক্তি আমদানি, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি পণ্যের মান বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ঘোষণা দিয়েছে। এ জন্য বিভিন্ন ধাপের আমদানি কর কমানোর ঘোষণা দিয়েছে সরকার।
চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উন্নত প্রযুক্তি আমদানিতে এই বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমান, জৈব ওষুধ উৎপাদন, রেল ও জাহাজ তৈরি শিল্প, ইলেকট্রনিকস পণ্য, কম্পিউটার ও টেলিযোগাযোগ, সফটওয়্যার ও আইটি খাত বিশেষ এই সুবিধা পাবে।
বলা হচ্ছে, গতকাল বেইজিংয়ে ভারতীয় দূতাবাস, গুয়াংঝু, সাংহাই এবং হংকংয়ে ভারতের কনস্যুলেট অফিসে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগ আকর্ষণ কার্যক্রমের পাল্টা কর্মসূচি হলো মেড ইন চায়না। চীনের নতুন এই কার্যক্রমের উদ্দেশ্য হলো, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তাদের উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশটির সার্বিক উৎপাদন ক্ষমতা বাড়ানো।
সূত্র: এনডিটিভি