ভারতকে পাচার হওয়া অর্থের তথ্য দেবে সুইস ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত থেকে পাচার হওয়া অর্থের তথ্য দিতে সম্মত হয়েছে সুইস ব্যাংক। এ বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সঙ্গে চার বছরের একটি চুক্তি করেছে ভারত। ফলে ভারতের কর কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ভারতীয় নাগরিকদের অর্থের তথ্য সংগ্রহ করতে পারবে।

বাংলাদেশেরও বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংকগুলোতে রয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবি গত জুন মাসে ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৩’ শীর্ষক বার্ষিক যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে ২০১৩ সাল শেষে সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের অন্তত ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ গচ্ছিত রয়েছে বলে উল্লেখ করা হয়। মার্কিন মুদ্রায় যা প্রায় ৪১ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকা। 

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ জুন জাতীয় সংসদে বক্তব্য দেন। এর তিন দিন পর ১ জুলাই বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সুইজারল্যান্ডের এফআইইউয়ের কাছে সুইস ব্যাংকগুলোতে গচ্ছিত বাংলাদেশিদের অর্থের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়।

বিএফআইইউয়ের পাঠানো চিঠির জবাব এখনো মেলেনি। ভারতীয় চুক্তির বিষয় জানিয়ে যোগাযোগ করা হলে গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও বিএফআইইউয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু ভারতের তথ্য দিতে সম্মত হয়েছে সুইস সরকার, সেহেতু আমরা প্রত্যাশা করি আমাদেরও তথ্য দেওয়ার বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে।’

ভারতে অবস্থিত বহুজাতিক এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে সে দেশের নাগরিকেরা যে বিপুল পরিমাণ কালোটাকা বিদেশে পাচার করেছেন, তার একটি তালিকা সম্প্রতি ফ্রান্স থেকে সংগ্রহ করে দেশটির কর কর্তৃপক্ষ। কিন্তু সুইস ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের তথ্য সংগ্রহের বিষয়টি এত দিন ঝুলে ছিল। গ্রাহকের তথ্য সাধারণত প্রকাশ না করার কারণেই অবৈধ অর্থের মালিকদের টাকা জমা রাখার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে সুইস ব্যাংকগুলো। তবে রীতি ভেঙে এবার ব্যাংকগুলো ভারত সরকারকে তথ্য সরবরাহ করতে রাজি হয়েছে। একে ইতিবাচক হিসেবে দেখছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এ প্রসঙ্গে অরুণ জেটলি দিল্লিতে সংবাদমাধ্যমকে বলেন, ‘পাচার হয়ে যাওয়া কালোটাকা আমরা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বিদেশি সরকারগুলোর মাধ্যমে অর্থ পাচার ও করসংক্রান্ত তথ্য পেতে ভারত সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাচার হয়ে যাওয়া ভারতীয় অর্থ দেশটিতে ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এ চুক্তি তারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন অরুণ জেটলি। নির্বাচিত হয়ে সরকার গঠন করার প্রথম দিনই এ বিষয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করে মোদি সরকার।

সুইজারল্যান্ডের বার্ন শহরে গত সপ্তাহে পাচার হওয়া অর্থের তথ্য আদান-প্রদান বিষয়ে দুই দেশের চুক্তিটি হয়। চুক্তিতে সই করেন ভারতের পক্ষে দেশটির রাজস্বসচিব সতিকান্ত দাস এবং সুইজারল্যান্ডের রাজস্বসচিব জ্যাক দো ওয়াতভিল।

কালোটাকার তথ্য প্রদানের পাশাপাশি ই-মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্যও আদান-প্রদানে রাজি হয়েছে দেশ দুটি। অবৈধ অর্থের পাচার ঠেকাতে এবং সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়ন বন্ধে বিভিন্ন আন্তর্জাতিক চাপে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গচ্ছিত রাখা অর্থের বিস্তারিত তথ্য প্রকাশ করতে দেশটি সম্মত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চুক্তি অনুযায়ী সুইজারল্যান্ড বিভিন্ন সময় ভারত থেকে পাচার হয়ে যাওয়া অর্থের তদন্তসংশ্লিষ্ট তথ্য ভারতের কর কর্তৃপক্ষকে সরবরাহ করবে। এসব তথ্যের মধ্যে ব্যাংক লেনদেন-সম্পর্কিত ও বহির্ভূত দুই ধরনের তথ্যই থাকবে। ব্যাংক লেনদেন-বহির্ভূত কী ধরনের তথ্য ভারত পাবে, সে সম্পর্কে ভারতের রাজস্বসচিব অবশ্য বিস্তারিত জানাননি। তবে তিনি বলেছেন, ‘তথ্য না পাওয়ায় এত দিন অনেক অভিযোগের সুরাহা আমরা করতে পারিনি। এখন আশা করি সে সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব।’

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সুইস ব্যাংকগুলোতে ভারতীয় নাগরিকদের গচ্ছিত অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৬০০ কোটি টাকার বেশি)। আগের বছর ভারতীয়দের নয় হাজার কোটি রুপি সুইস ব্যাংকগুলোতে ছিল। অর্থাৎ এক বছরে জমা রাখা অর্থের পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। মিউচুয়াল ফান্ড, আবাসন, অলংকার ক্রয় এবং বিদেশ ভ্রমণের অজুহাত দেখিয়ে এসব অর্থের বেশির ভাগ পাচার করা হয়েছে বলে মনে করে দেশটির রাজস্ব বিভাগ।

ভারতের আইন অনুযায়ী দেশটির যেকোনো নাগরিক বিদেশি ব্যাংকগুলোতে অর্থ জমা রাখতে পারবেন। তবে এ জন্য দেশটির কর কর্তৃপক্ষকে অর্থের পরিমাণ জানাতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করতে হবে। মূলত কর ফাঁকি দিতেই অর্থ পাচারের তথ্য গোপন করেন দেশটির নাগরিকেরা।