ভারতকে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে চীন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন তার প্রতিবেশী ভারতে আগামী পাঁচ বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে পারে। এই অর্থ ভারতের ছয় লাখ কোটি রুপি বা বাংলাদেশের প্রায় আট লাখ কোটি টাকার সমান।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারত সফরে এসে এমন প্রতিশ্রুতি দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি তাজিকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর শেষে ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর নিজ রাজ্য গুজরাটে যাবেন।
জাপানের কাছ থেকে ভারতের পাওয়া প্রতিশ্রুতির চেয়ে শি জিনপিংয়ের সম্ভাব্য প্রতিশ্রুতিটি হবে প্রায় তিন গুণ বেশি। নরেন্দ্র মোদি সম্প্রতি জাপান সফরে গিয়ে তিন হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছিলেন।
জিনপিংয়ের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ে নিযুক্ত চীনের কনসাল জেনারেল লিউ ইয়োফা। তিনি বলেন, ‘যদি পরিমিত আকারেও বলি, আমাদের প্রেসিডেন্ট ভারতকে ১০ হাজার কোটি ডলারেরও বেশি পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দেবেন; যা হবে জাপানের দেওয়া সাড়ে তিন হাজার কোটি ডলারের তিন গুণ। আমরা শিল্পপার্ক নির্মাণ; রেলওয়ে, মহাসড়ক ও বন্দরের সংস্কার; বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন; অটোমোবাইল বা গাড়ি তৈরি, খাদ্য প্রক্রিয়াকরণ ও বস্ত্রশিল্প স্থাপনে বিনিয়োগ করব।’
মোদি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতগুলো পর্যালোচনা করে গত শুক্রবার দেশে বিশ্বমানের প্রকল্প হাতে নেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটির সঙ্গে চীনা কনসাল জেনারেলের বক্তব্য মিলে গেছে। ভারত সরকার ইতিমধ্যে জ্বালানি, বিদ্যুৎ ও সড়ক খাতে ইতিমধ্যে নয় লাখ কোটি রুপির অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
প্রাথমিকভাবে চীন অবশ্য গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগর এবং আরেক শহর পুনেতে শিল্পপার্ক স্থাপনে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে। লিউ জানান, ‘পুনেতে পাঁচ বর্গকিলোমিটার এলাকাজুড়ে শিল্প স্থাপনে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা করব। সেখানে গাড়ি কারখানা করা হবে। এতে কর্মসংস্থান হবে এক লাখ লোকের। আর বছরে দেড় লাখ গাড়ি তৈরি হবে। গান্ধীনগরের শিল্পপার্ক করা হবে বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদনের জন্য।’
এ ছাড়া তামিলনাড়ু রাজ্যে বস্ত্র খাত ও খাদ্য প্রক্রিয়াকরণের জন্য একটি করে শিল্পপার্ক স্থাপনের লক্ষ্যে চীন এখন কাজ করছে বলে জানান লিউ।
লিউ আরও বলেন, ‘ভারত সরকার প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি জাপানকে দিয়েছে। তবে দেশটিতে পরবর্তী বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এ ছাড়া আমরা ভারতের বিভিন্ন শহরে দ্রুতগতির ট্রেন যোগাযোগ গড়তে চাই। এসব ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। পাশাপাশি আমরা এখানকার রেল খাতে আধুনিকায়ন প্রকল্প নিয়ে কাজ করতে চাই।’
ভারতের সড়ক ও বন্দর নির্মাণ এবং নদী-সংযোগ প্রকল্পে চীন পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে রাজি। এ ক্ষেত্রে সেচ কার্যক্রম বাড়াতে নদী খননে জোর দেওয়া হবে।
গত শুক্রবার ভারত সড়ক অবকাঠামো খাতের জন্য দুই লাখ কোটি রুপির কিছু প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেয়। ঘোষণাটি দেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাড়কারি।
কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পিউশ গয়াল বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্যই শুধু আগামী চার বছরে ভারতের ১০ হাজার কোটি ডলার দরকার।
তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠককালে জানান, ওই রাজ্যটি আগামী পাঁচ বছরে এক লাখ কোটি রুপি পাবে; যা পেট্রোকেমিক্যাল, তেল-গ্যাসের পাইপলাইন, এলএনজি ও এলপিজি টার্মিনাল এবং তেল মজুতকেন্দ্র নির্মাণ বিনিয়োগ হবে। এর ফলে ওডিশার পূর্বাঞ্চলীয় রাজ্য-ুলোর জন্য তেল সরবরাহের প্রবেশদ্বার হয়ে উঠবে।
চীনা প্রেসিডেন্ট শতাধিক সদস্যেরও বড় একটি প্রতিনিধিদল নিয়ে ভারত যাবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে চায়না হারবার, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন গ্রুপ, হুয়াওয়েইসহ বিভিন্ন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক অব চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), চায়না কনস্ট্রাকশন ব্যাংক ও এগ্রিকালচার ব্যাংক অব চায়নার প্রধানেরা থাকবেন।
দিল্লিতে এক ব্যবসায়িক সভায় শি জিনপিং বক্তব্য দেবেন। এতে ভারতের প্রায় ৪০০ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) যোগ দেবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া