ভারতীয় কোম্পানিতে প্রতিষ্ঠাতাদের দাপটে ক্ষতি কার?

মাইক্রোসফটের চেয়ারম্যান জন থমসন মাঝেমধ্যে প্রতিষ্ঠানের পরিচালকদের কাছে বিল গেটসের কথা তোলেন। জন মনে করিয়ে দেন, প্রতিষ্ঠাতা হলেও বোর্ড সভায় বিল গেটসের ভোটের দাম অন্য পরিচালকদের ভোটের সমান, একরত্তিও কম নয়, বেশিও নয়। কিন্তু ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনায় গেলে দেখা যাবে উল্টো চিত্র। সেখানে অবসর নেওয়ার পরও দোর্দণ্ড প্রতাপে থাকেন প্রতিষ্ঠাতারা।
ভারতের বিখ্যাত ও আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ছিলেন বিশাল সিক্কা। গত মাসের ১৮ তারিখ তিনি পদত্যাগ করেছেন। এর পেছনে রয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। তিনি অবসরে গেলেও প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে কথা বলা বন্ধ করেননি। সমালোচকেরা বলছেন, নারায়ণমূর্তির নেতিবাচক প্রচারের কারণেই সরে যেতে হয়েছে বিশাল সিক্কাকে। আর এই ধারণাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে ইনফোসিস বোর্ডের লিখিত বিবৃতি। বিশাল সিক্কার পদত্যাগের পর দেওয়া বিবৃতিতে বোর্ড বলেছে, নারায়ণমূর্তির লাগাতার সমালোচনার কারণেই সরে যেতে বাধ্য হয়েছেন বিশাল। তাঁর সঙ্গে ইনফোসিস বোর্ডের কোনো বিরোধ ছিল না।
প্রায় তিন দশক আগে, ১৯৮১ সালে পুনেতে ছয়জন বন্ধুকে নিয়ে এন আর নারায়ণমূর্তি ইনফোসিস গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। সেই ছয় সহপ্রতিষ্ঠাতার একজন হলেন নন্দন নিলেকানি। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের রাশ হাতে নিতে ফিরে আসছেন তিনি। এর আগেও অবশ্য ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইনফোসিসের সিইও ছিলেন নিলেকানি।
যাত্রা শুরুর পর থেকে টানা ৩৩ বছর এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন নারায়ণমূর্তিসহ সাতজন প্রতিষ্ঠাতার কেউ না কেউ। তবে ২০১৪ সালে এর ব্যতিক্রম ঘটে। আনা হয় জার্মানির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্যাপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিশাল সিক্কাকে। বিশেষজ্ঞদের মতে, বিশালের নিয়ন্ত্রণে বাজারে খারাপ করেনি ইনফোসিস। সময়ের সঙ্গে সঙ্গে কিছু ইতিবাচক পরিবর্তনও হচ্ছিল। কিন্তু নারায়ণমূর্তির কাছে এসবের কোনো দাম নেই! বরং সব সময়ই কোম্পানির পরিচালনা বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
ভারতে নানা আকারের, নানা পুঁজির কোম্পানি আছে। সেখানে ইনফোসিসের মতো প্রতিষ্ঠানও আছে, যাদের করপোরেট নিয়মকানুন পশ্চিমা কোম্পানিগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। কিন্তু অমিল এক জায়গাতেই, সেটি হলো, প্রতিষ্ঠাতাদের প্রতি ‘আনুগত্য’। পশ্চিমা কোম্পানিগুলোতে এ বিষয়টি পেশাদারি দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয়। আর ভারতে আছে প্রতিষ্ঠাতাদের প্রতি অযৌক্তিক শ্রদ্ধা প্রদর্শনের প্রতিযোগিতা।
আইআইএএস নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান ৫০০টি ভারতীয় প্রতিষ্ঠানের একটি তালিকা করেছে। এর মধ্যে ৩৪৪টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বোর্ডের বা পরিচালনা পর্ষদের হাতে নেই। সেখানে সর্বেসর্বা হলেন সরাসরি প্রতিষ্ঠাতারা। অথচ কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রশ্নের মুখোমুখি হতে হয় বোর্ডকে!
ইউরোপ-আমেরিকার কোম্পানি হলেই যে তাদের প্রতিষ্ঠাতারা একেবারে ধোয়া তুলসী পাতা হন, তা-ও কিন্তু নয়। তাঁরাও কোম্পানিতে প্রভাব বিস্তারের অসুস্থ প্রচেষ্টা চালান। তবে সেটি করেন নিয়মতান্ত্রিক উপায়ে শেয়ারহোল্ডারদের মাধ্যমে, সরাসরি হস্তক্ষেপ করেন না। ভারতে বিষয়টি ভিন্ন। এখানে কেবল প্রতিষ্ঠাতাদের কাছেই কুক্ষিগত থাকে ব্যবসার জন্য প্রয়োজনীয় যোগাযোগের যাবতীয় পথ। তিনিই বুঝতে পারেন গাছের কোন ফলটি পাকবে এবং কখন তা ঢিল মেরে ফেলতে হবে। তাই ভারতীয় কোম্পানিগুলোর ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রতিষ্ঠাতারা, শেয়ারহোল্ডাররা সেখানে গৌণ।
একচ্ছত্র ক্ষমতা হাতে থাকায় এসব প্রতিষ্ঠাতারা স্বজনপ্রীতিও করেন। নিজেদের পরিবারের বিভিন্ন সদস্যকে কোম্পানিতে লোভনীয় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তাঁদের বড় অঙ্কের বেতন দেওয়া হয়। দেওয়া হয় ব্যক্তিগত ইয়ট, বিলাসবহুল ফ্ল্যাট, আরও কত কী! বিজয় মাল্যর কথা মনে আছে তো? তাঁর ইউনাইটেড স্পিরিট নামের প্রতিষ্ঠানের মালিকানায় বিদেশিরা ছিলেন। কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে বিজয়কে দেওয়া হয়েছিল বিপুল সম্পদ ও অন্যান্য সুবিধা। এখন যুক্তরাজ্যে আছেন বিজয়। ভারতে যেন না ফিরতে হয় সেই ফন্দি-ফিকিরেই ব্যস্ত তিনি।
প্রতিষ্ঠাতাদের এই ক্ষমতা ও উচ্চাসন কোম্পানির জন্য ভালো কিছু নয়। ভালো ব্যবস্থাপক পাওয়া সব সময়ই কঠিন। প্রতিষ্ঠাতা হলেই যে ভালো ব্যবস্থাপক হবেন, তার কোনো নিশ্চয়তা নেই। আর প্রতিষ্ঠাতারা কখনোই কোম্পানি থেকে পাওয়া সুবিধায় ছাড় দিতে রাজি থাকেন না। তাই প্রয়োজনে অতিরিক্ত ঋণ গ্রহণে কখনো বাধাও দেন না তাঁরা।
এর ফলে স্থানীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হয় দেদারসে। অনেক ক্ষেত্রে তা খেলাপিও হয়ে যায়। কারণ বিনিয়োগের ক্ষেত্রে ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি ঋণের পরিমাণ বেশি হয়, তবে প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা খুব একটা সুবিধার থাকে না। কিন্তু খেলাপি হলেও মুখ ফিরিয়ে নেওয়ার মতো অবস্থায় থাকে না ব্যাংকগুলো। এর কারণ হিসেবে আছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়। এতে করে ভারতীয় ব্যাংকগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সার্বিকভাবে দেশের অর্থনীতিরও অবনতি হচ্ছে।

এসব প্রতিষ্ঠাতা ব্যক্তিরা কখনো স্বেচ্ছায় নিজেদের ক্ষমতা ছাড়বেন না, তা তো জানা কথাই। কিন্তু অন্যরা তাঁদের ক্ষমতা সীমিত করার চেষ্টা করতে পারেন। ভারতের বড় প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠাতাদের শেয়ারের পরিমাণ শিগগিরই অর্ধেক বা ৫০ শতাংশের নিচে নেমে আসবে বলে জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান আইআইএএস। বাকি শেয়ারগুলো চলে যাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি ও মিউচুয়াল ফান্ডকে বোঝানো হয়। এসব বিনিয়োগকারীকে সাহস করে প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবেই এই প্রতিষ্ঠাতারা ধনী ও তাঁদের নানা রাজনৈতিক যোগাযোগ আছে। কিন্তু তাতে ভড়কে গেলে চলবে না। বোর্ডের পরিচালকেরাই সব শেয়ারহোল্ডারের প্রতিনিধিত্ব করেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বোর্ড পরিচালকদের প্রাধান্যের স্বীকৃতি আদায় করে নিতে হবে।
এরই মধ্যে প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। খেলাপি ঋণে ডুবে থাকা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করতে ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দিচ্ছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ। বিখ্যাত প্রতিষ্ঠাতা ব্যক্তিরা এখন কোম্পানি বাঁচাতে নিজেদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ কয়েক বছর আগেও এটি ছিল অচিন্তনীয়। প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডাররা অবশ্যই কোম্পানির গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু সেটি তখনই কাজে লাগবে, যখন তাঁরা নিজেদের সঠিক ভূমিকা পালন করবেন। বোর্ড কক্ষে তাঁরা থাকতেই পারেন। কিন্তু কোম্পানির সব কাজে অযাচিত হস্তক্ষেপ প্রতিষ্ঠানের জন্য মোটেই ভালো নয়।
দ্য ইকোনমিস্ট ও জি নিউজ অবলম্বনে অর্ণব সান্যাল