ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সেই দেশ সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ভারতের ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলছে, যেখানে বিনিয়োগ করলে জমিসহ প্রয়োজনীয় সব সুবিধা দেওয়া হবে।
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে ‘পার্টনারশিপ সামিট’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সোমবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন ও মিনিস্ট্রি অব কমার্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তোফায়েল আহমেদ বলেন, অনেক উন্নত দেশ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) ও ট্রান্স-আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপের (টিটিআইপি) মতো আঞ্চলিক বাণিজ্য চুক্তি করছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশের (এলডিসি) পক্ষে গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী কি না, তা খতিয়ে দেখার সময় এসেছে। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার সব দেশকে সম্মিলিতভাবে আঞ্চলিক উন্নয়নের সব বাধা মোকাবিলা করতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, ‘সার্ক আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আঞ্চলিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য জটিলতা দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রয়োজন।’