ভারতে ই-কমার্স বাড়ছে, মূল বাধা নগদ লেনদেন

রামি সুনেজা ফ্যাশন ডিজাইনার। আনুষ্ঠানিক ডিগ্রিও আছে এ বিষয়ে। কিন্তু ভারতের রাজধানী নয়াদিল্লিতে চড়া হারে বাড়িভাড়া আর নিজের দুর্বল স্বাস্থ্যের কারণে নিজের ব্যবসা নিয়ে কোথাও থিতু হয়ে বসতে পারছিলেন না। অবশেষে তিন বছর আগে একটি ই-কমার্স কোম্পানির সহযোগিতায় বাড়ি বাড়ি নিজের নকশা করা শাড়ি বিক্রি শুরু করেছেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে স্ন্যাপডিল নামের এই ই-কমার্স প্রতিষ্ঠানটি এখন সুনেজার বার্ষিক লেনদেন নিয়ে গেছে ১০ লাখ ডলারে।
আসলে ভারতজুড়েই এখন ছোট্ট দোকানি থেকে বড় ব্র্যান্ডের কর্ণধার, সব খুচরা বিক্রেতাই ই-কমার্সের ক্ষমতা যাচাই করছেন। মোটাদাগে ই-কমার্স হলো ইলেকট্রনিকভিত্তিতে বাণিজ্যিক লেনদেন কার্যক্রম। মূলত ইন্টারনেটের মাধ্যমেই এই লেনদেন বা বেচাকেনা সম্পন্ন হয়।
তবে ভারতের অনলাইন খুচরা ব্যবসার বাজার দেশটির মোট খুচরা বাজারের মাত্র দশমিক ৪ শতাংশ। ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান টেকনোপ্যাক এই হিসাব দিয়েছে। এর মানে হলো অনলাইনের খুচরা ব্যবসা প্রসারের বিরাট সুযোগ রয়েছে ভারতে। বর্তমানে ভারতের খুচরা দোকানগুলো ভোক্তা ও বিক্রেতা উভয়ের জন্যই নানামুখী বিড়ম্বনা তৈরি করেছে। দুর্বল অবকাঠামো, ব্যয়বহুল বিষয়-সম্পত্তি আর শহর-নগরে গাদাগাদি করে গড়ে ওঠা দোকানপাট এর জন্য দায়ী। আর তাই ইতিমধ্যেই ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এই ই-কমার্স দ্রুত বাড়তে শুরু করেছে। টেকনোপ্যাকের হিসাবে ২০২০ সালের মধ্যে ভারতে অনলাইনভিত্তিক খুচরা ব্যবসা মোট বাজারের ৩ শতাংশে উন্নীত হবে। বার্ষিক বিক্রি দাঁড়াবে তিন হাজার ২০০ কোটি ডলারে।
তাই বলে বাজার সম্প্রসারণ হওয়ার কাজটি খুব সহজ নয়। বড় বড় শহরের ভোক্তাদের কাছে অনলাইনে কেনাকাটা যতটা স্বাচ্ছ্যন্দময়, দূর-দূরান্তের কোটি কোটি ক্রেতার কাছে ততটা নয়। বহু ভারতীয় এখনো অনলাইনে অর্থ পরিশোধ করার বিষয়ে সন্দিহান। এমনকি তাদের অনেকেই আবার ক্রেডিট কার্ড রাখেন না।
স্ন্যাপডিলের বর্তমানে ৫০ হাজার খুচরা গ্রাহক আছেন। ইতিমধ্যে এ বছরে তাদের বিক্রি ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তবে আরও অনেক প্রতিষ্ঠানের মতো এটিও এখনো মুনাফার মুখ দেখেনি।
ভারতে ই-কমার্স বাজার ছোট থেকে যাওয়ার অন্যতম কারণ হলো ইন্টারনেটের নিম্ন ব্যবহার। ভারতে এখন প্রায় সাড়ে ২১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ মোট জনগোষ্ঠীর ১৭ শতাংশ। চীনে এই হার ৪৪ শতাংশ।
অবশ্য স্মার্টফোনের কল্যাণে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারকেরা বছরে সাত কোটি ডলারের ফোন বিক্রি করছেন, যা কি না গ্রাহকদের হাতে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করেছে। এদের অনেকে কখনোই ল্যান্ডলাইনে ইন্টারনেট ব্যবহার করেনি।
তবে বড় সমস্যা হিসেবে দেখা গেছে, ভারতীয়দের নগদ লেনদেনের প্রতি আগ্রহকে। ভারতীয়দের মাত্র ৩৫ শতাংশের ব্যাংক হিসাব আছে। আর ডেবিট বা ক্রেডিট কার্ডধারীর অংশ আরও অনেক কম। নগদ লেনদেনের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রয়াদেশ দেওয়ার পর ক্রেতার মন পরিবর্তন। পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে যখন বাহক রওনা হয়ে গেছে, তখন দেখা গেল ক্রেতা তা পরিবর্তন করতে চায়। আবার পণ্য নিয়ে বাড়িতে পৌঁছানোর পর তা ক্রেতার কাছে হস্তান্তর না করা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সর্বোপরি
ক্রেতা যখন পণ্য ফেরত দিতে চায়, তখন আরেক সমস্যা দেখা দেয়।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।