ভারতে ঋণের বাজার বড় করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকঋণনির্ভরতা থেকে শিল্প-বাণিজ্য সংস্থাগুলোকে বেরিয়ে আসার উৎসাহ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো যাতে শেয়ারবাজার থেকে পুঁজি তুলতে পারে, তার জন্য মসৃণ করা হচ্ছে রাস্তা। কিন্তু সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল পরিষ্কার জানিয়ে দিলেন, শুধু শেয়ারবাজার আর্থিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে পারবে না। পাশাপাশি ব্যাংকঋণের সাহায্যও দরকার। ফলে সে জন্য ঋণের বাজার শক্তিশালী হতে হবে।

কয়েক মাস ধরে ক্রমাগত পুরোনো রেকর্ড ভেঙে নতুন নতুন সর্বকালীন রেকর্ড গড়ে চলেছে ভারতের শেয়ারবাজার। শুধু আগস্ট মাসেই সেনসেক্স উঠেছে ৫ হাজার পয়েন্টের বেশি। একটা সময় বাজার বিশেষজ্ঞরা মনে করছিলেন, চলতি অর্থবছরে সূচক ৫৫ হাজারের আশপাশে থাকতে পারে। অথচ ৫৮ হাজার পার করে ফেলা ওই সূচক এখন ৬০ হাজারের দিকে ঝুঁকছে। বাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছেড়ে ভালো অঙ্কের পুঁজি সংগ্রহ করেছে জোম্যাটোসহ বিভিন্ন কোম্পানি, যারা একসময় স্টার্টআপ হিসেবে ব্যবসা শুরু করেছিল। এই প্রবণতা অবশ্য সঞ্জীব সান্যাল অস্বীকার করেননি। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতে দীর্ঘ মেয়াদে অর্থনীতির ভিত পোক্ত করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঋণ বাজার। তিনি জানান, ব্যাংকগুলোর হিসাবের খাতা ইতিমধ্যে অনেকটা পরিষ্কার হয়েছে। এবার তাদের উচিত ঋণ দেওয়া আরও বাড়িয়ে অর্থনীতির সহায়তায় এগিয়ে আসা। আরও বড় আয়তনের ঋণদাতার গুরুত্বের কথা উল্লেখ করেছেন তিনি, ব্যাংক একীভূতকরণের পক্ষে ঠিক যে যুক্তি দিচ্ছে কেন্দ্র।

ব্যাংকবহির্ভূত ঋণদাতাদের সংগঠন এফআইডিসির এক কর্মসূচিতে সঞ্জীব সান্যাল বলেন, ‘আপনারা যদি অর্থনীতির ইতিহাসের দিকে চোখ রাখেন, দেখবেন দীর্ঘ মেয়াদে আর্থিক প্রবৃদ্ধি শুধু শেয়ারবাজারের ওপর নির্ভর করে স্থায়ী হয়নি, বরং ঋণনির্ভর পুঁজির ওপর নির্ভর করেই তা হয়েছে, যার বড় অংশই আসে ব্যাংক থেকে।’ এই প্রসঙ্গে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা জানিয়েছেন, তাদের দীর্ঘমেয়াদি বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হচ্ছে ব্যাংকের পুঁজি।

বেশ কয়েকটি ঋণনীতিতে রিজার্ভ ব্যাংক সুদ অপরিবর্তিত রাখলেও একটা সময় পর্যন্ত তা অনেকটাই কমিয়েছিল তারা। অতীতের তুলনায় এখনো ব্যাংকঋণের সুদহার যথেষ্ট কম, কিন্তু ঋণ বৃদ্ধির হার অনেক দিন ধরেই রয়ে গেছে ৬ শতাংশের আশপাশে।