ভারতে শুক্রবার গভীর রাত থেকে আবার পেট্রল ও ডিজেলের দাম কমেছে। এ নিয়ে গত তিন মাসে ছয়বার পেট্রলের ও দুইবার ডিজেলের দাম কমল। এবার লিটারপ্রতি পেট্রলের দাম ২ দশমিক ৫৩ রুপি ও ডিজেলের দাম ২ দশমিক ২৫ রুপি কমানো হয়েছে। এতে প্রতি লিটার পেট্রল কলকাতায় ৭১ দশমিক ৬৮ রুপি, দিল্লিতে ৬৪ দশমিক ২৪ রুপি ও মুম্বাইতে ৭১ দশমিক ৯১ রুপি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার ডিজেল কলকাতায় ৫৭ দশমিক ৯৫ রুপি, দিল্লিতে ৫৩ দশমিক ৩৫ রুপি ও মুম্বাইতে ৬১ দশমিক ৪ রুপিতে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো দেশে পণ্যটির মূল্য কমিয়েছে। বিশ্ববাজারে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে—যা গত জুন মাসে ছিল ১১৫ মার্কিন ডলার।
কলকাতা প্রতিনিধি