ভারতে কর নিয়ে জটিলতায় পড়েছে আমাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম ভার্জিনিয়ার হান্টিংটনে আমাজনের সেবাকেন্দ্র
পশ্চিম ভার্জিনিয়ার হান্টিংটনে আমাজনের সেবাকেন্দ্র

করের পরিমাণ কেমন হবে—এ নিয়ে ভারতের কর্ণাটক রাজ্য ও অনলাইনভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই রাজ্যের কর কর্তৃপক্ষ আমাজনের পণ্য বিক্রি করে এমন বেশ কয়েকজন বিক্রেতাকে প্রতিষ্ঠানটির পণ্য গুদামজাত করতে নিষেধ করেছে। আর ঝামেলা না মিটলে বেঙ্গালুরুর গুদাম বন্ধ করে দেওয়া এবং কর্নাটক থেকে সব বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে আমাজন।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনকে কী পরিমাণ কর দিতে হবে, তা নিয়েই কর্নাটকের রাজ্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির বিরোধের সূত্রপাত হয়। বেঙ্গালুরুতে অবস্থিত আমাজনের গুদামের মাধ্যমে তৃতীয় পক্ষের যেসব বিক্রেতা অনলাইন প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি করে, তাদের বিক্রির করের পরিমাণ কত হবে, তা নিয়েই সমস্যার শুরু।

আমাজন বলছে, এই সমস্যা সমাধানে তারা কর্ণাটক সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে তারা এই বলেও হুমকি দিয়েছে যে সমঝোতা না হলে তারা বেঙ্গালুরুর গুদাম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কর্ণাটক থেকে তাদের সব বিনিয়োগ প্রত্যাহার করে নেবে।

আমাজন ইতিমধ্যে ভারতের বিকাশমান অনলাইন ব্যবসায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

এক বিবৃতিতে আমাজন বলেছে, ‘আমরা মনে করি, এটি এমন একটি সমস্যা, যা সমাধানে যে আইন রয়েছে, তা যুগোপযোগী নয়। খুব শিগগির সমস্যার সমাধান না হলে বেঙ্গালুরুর গুদাম বন্ধ এবং কর্ণাটকে নতুন বিনিয়োগ পরিকল্পনা গুটিয়ে নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’

অনলাইনে ক্রমেই বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মেলাতে আমাজনের পাশাপাশি ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো ভারতীয় অনলাইন প্রতিষ্ঠানগুলোও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানকে করজালের আওতায় আনতে ভারতের কর কর্তৃপক্ষ বেশ তৎপর হয়ে উঠেছে, যা এই খাতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লিভিত্তিক খুচরা পরামর্শক প্রতিষ্ঠান টেকনোপ্যাক অ্যাডভাইজারসের প্রধান অরবিন্দ সিংহাল বলেন, ‘করের বিষয়টি সব ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ভারতে কেন্দ্রীয় বা রাজ্য কোনো সরকারই অনলাইন ব্যবসাকে তেমন গুরুত্বের সঙ্গে নেয় না।’

সিংহাল মনে করেন, আমাজনের মতো অনলাইন প্রতিষ্ঠানগুলোকে সাধারণ বিক্রেতা প্রতিষ্ঠান, নাকি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারতে অনলাইনভিত্তিক বেচাকেনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। গত বছর অনলাইনে মোট বিক্রর পরিমাণ ছিল ২৩০ কোটি ডলার।

অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো, দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অংশীদার করে বিদেশি বিক্রেতারা ভারতের বাজারে তাদের পণ্য বিক্রি করছে, যা দেশটির আইন অনুযায়ী নিষিদ্ধ।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস