ভারতে কর্মসংস্থান বাড়তে শুরু করেছে
মহামারির কারণে ভারতে বহু মানুষ কর্মহীন হয়েছেন। বহু কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই পরিস্থিতি থেকে দেশটি আবার যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
কর্মক্ষেত্রে নিয়োগ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল লিঙ্কডইন ইন্ডিয়া। সেখানে দাবি করা হয়েছে, ২০১৯ সালে কোভিড–পূর্ববর্তী সময়ে জুন মাসে নিয়োগের হার যা ছিল, ২০২১-এর জুনে মহামারির পরিস্থিতিতে ছবিটা সম্পূর্ণ উল্টো। দেখা গেছে, এই একই সময়ে কর্মক্ষেত্রে নিয়োগের হার ৪২ শতাংশ বেড়েছে, যেখানে মে মাসে নিয়োগের হার ছিল ৩৫ শতাংশ বেশি।
সমীক্ষায় বলা হয়েছে, ২০২০ সালের মাঝামাঝি যখন সারা বিশ্বে লকডাউন চলছে, ঠিক সেই সময়ে একেকটি পদের জন্য দ্বিগুণ আবেদনপত্র জমা পড়েছে। কিন্তু এখন তার ঠিক উল্টো পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে। চাকরির আবেদনের সংখ্যা বেড়েছে। নতুন পদে নিয়োগও হচ্ছে। রিপোর্টে এ-ও বলা হয়েছে, কিছু কিছু কোম্পানিতে নিয়োগ কোভিড–পূর্ববর্তী সময়ের মতোই হচ্ছে।
আরও বলা হয়েছে, কম বয়সী কর্মী যাঁরা হার্ডওয়্যার ও সফটওয়্যারে দক্ষ, তাঁদের চাহিদা আরও বাড়ছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে।