ভারতে কালোটাকা সাদার সুযোগে সাড়া মেলেনি
ভারত সরকার অপ্রদর্শিত আয় বা কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে তিন মাসের যে সময়সীমা বেঁধে দিয়েছিল তাতে খুব একটা সাড়া মেলেনি। নির্ধারিত এ সময়ের মধ্যে সাদা করা হয়েছে মাত্র ৩ হাজার ৭৭০ কোটি রুপি। নির্দিষ্ট অঙ্কের কর ও জরিমানা জমা দিয়ে ৬৩৮ ব্যক্তি কালোটাকা সাদা করার সুযোগটি নিয়েছেন।
বাংলাদেশেও গত চার দশকে বারবার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এসব সুযোগেও খুব একটা সাড়া পাওয়া যায়নি। এ পর্যন্ত মাত্র ১৩ হাজার কোটি টাকার কিছু বেশি কালোটাকা সাদা হয়েছে।
দুই বছর ধরে ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করার সুযোগটি এখনো রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে মোট ২ হাজার ৫৫০ জন এ সুযোগ নিয়েছেন। গত অর্থবছরের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আয়কর অধ্যাদেশের ১৯-ই ধারা অনুযায়ী নিয়মিত করের সঙ্গে ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করা যায়।
সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় নাগরিকদের জমানো কালোটাকা ফিরিয়ে আনতে গত ১ জুলাই সময়সীমা বেঁধে দেয় ভারত সরকার।
ভারত সরকারের ঘোষণা অনুযায়ী যাঁরা নির্ধারিত সময়ে অপ্রদর্শিত টাকার কথা স্বীকার করেছেন তাঁরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৬০ শতাংশ হারে জরিমানা ও কর দিয়ে কালোটাকা সাদা করতে পারবেন। একই সঙ্গে তাঁরা জেলে যাওয়া অথবা মামলার মুখোমুখি হওয়া থেকেও রক্ষা পাবেন। ৩০ সেপ্টেম্বরের সময়সীমা পার হওয়ার পর যাঁদের অপ্রদর্শিত টাকার তথ্য পাওয়া যাবে, তাঁদের ১০ বছরের জেল এবং ১২০ শতাংশ জরিমানা দিতে হবে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কালোটাকা আদায়ে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেছে, ১০০ দিনে সব কালোটাকা ফিরিয়ে আনার কথা বলে গত ১৬ মাসে সরকার মাত্র ৩ হাজার ৭৭০ কোটি রুপি আনতে পেরেছে, এটা জাতির জন্য লজ্জার।