ভারতে কালোটাকার মালিকদের শায়েস্তায় কঠোর আইন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমহলে খুশির হাওয়া বইয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁদের সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। গতকাল শনিবার বাজেট পেশের সময় এ কথাও তিনি জানিয়ে দিলেন, কালোটাকা উদ্ধার ও কালোটাকার মালিকদের শায়েস্তা করতে সরকার সংসদের চলতি অধিবেশনেই কঠোর আইন আনবে। সেই আইনের সর্বোচ্চ শাস্তি হবে জরিমানাসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিল্পমহলের প্রিয় মানুষ। শিল্প প্রসারে জমি অধিগ্রহণের যে নতুন আইন তিনি আনতে চলেছেন, সেই উদ্যোগও শিল্পবান্ধব বলেই পরিচিত। কাজেই শিল্পবন্ধু মোদির প্রথম পূর্ণাঙ্গ বাজেট কতটা শিল্পকেন্দ্রিক হয় সেই আগ্রহ শুরু থেকেই ছিল। কোম্পানি কর ৩০ শতাংশ থেকে ধাপে ধাপে ২৫ শতাংশে নামিয়ে আনা, সম্পত্তি কর তুলে দিয়ে সেই জায়গায় এক কোটি রুপির বেশি আয়ের ওপর ২ শতাংশ সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ থেকে সরকারের বার্ষিক আয় হবে ৯ হাজার কোটি রুপি। চার হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি মেগা বিদ্যুৎ প্রকল্প, এক লাখ কিলোমিটার রাস্তা তৈরি, ২০২০ সালের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ, ৮০ হাজার মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা, প্রতি পাঁচ কিলোমিটারে একটি করে হাইস্কুল তৈরি, গৃহহীনদের জন্য ছয় কোটি বাড়ি তৈরি এবং ১০০ দিনের কাজের প্রকল্পে পাঁচ হাজার কোটি রুপি বাড়তি বরাদ্দ এবং উৎপাদনশিল্পকে বিশেষ উৎসাহ দেওয়ায় সার্বিক চাহিদা বাড়বে বলেই বণিকমহল মনে করছে। শিল্পমহলের মতে, এই বাজেট লগ্নির উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সাহায্য করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প সার্থক করতে বিদেশি লগ্নি আহ্বানে এই বাজেট সহায়ক হবে। বিশেষত অবকাঠামো নির্মাণ ও প্রতিরক্ষা ক্ষেত্রে। প্রতিরক্ষা খাতে জেটলির বরাদ্দ ২ লাখ ৪৬ হাজার কোটি রুপি। শিল্পমহল তাই খুশি।
বাজেট ভাষণের শুরুতেই জেটলি স্বীকার করেন, নানা কারণে খুবই সুবিধাজনক পরিস্থিতিতে তিনি এই বাজেট তৈরি করছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পতন এবং ডলারের তুলনায় রুপির শক্তি বৃদ্ধি তাঁকে এই সুবিধা এনে দিয়েছে। সেটা কাজে লাগিয়েই তিনি তাঁর পাঁচ চ্যালেঞ্জের মোকাবিলা করতে চেয়েছেন। চ্যালেঞ্জগুলো হলো: কৃষিক্ষেত্রে ফুরফুরে ভাব নিয়ে আসা, অবকাঠামোতে লগ্নি বৃদ্ধি, উৎপাদনশিল্পে বিশেষ নজর দেওয়া কারণ, এই খাতে আয় ১৮ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। রাজ্যগুলোর প্রাপ্য বাড়ানোর (৩২ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে) পরও কোষাগার শৃঙ্খলা জারি রাখা এবং কোষাগার ঘাটতি ও মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা। চাকরিজীবীদের আয়করের ঊর্ধ্বসীমা জেটলি বাড়াননি। তবে স্বাস্থ্যবিমায় ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। সিনিয়র নাগরিকদের ক্ষেত্রে সেই ছাড় ৩০ শতাংশ। সামাজিক নিরাপত্তা খাতে ৫০ হাজার রুপি বিনিয়োগ করলে সেটাও করমুক্ত করা হবে। জেটলি জানান, এভাবে ৪ লাখ ৪৪ হাজার ২০০ রুপি পর্যন্ত আয় করমুক্ত হয়ে যাবে। কিন্তু এসব ছাড়ের পাশাপাশি পরিষেবা কর দেড় শতাংশের বেশি বাড়ানোয় মধ্যবিত্তের খরচ প্রায় সব ক্ষেত্রেই বেড়ে যাবে।
ভোটের আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে সব কালোটাকা উদ্ধার করবেন। নয় মাস অতিক্রান্ত হয়েছে। কালোটাকা দেশে ফেরেনি। তবে অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে কালোটাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তিনি জানান, সংসদের চলতি অধিবেশনেই এই প্রবণতা বন্ধে আইন আনা হচ্ছে। রোজগার লুকিয়ে ধরা পড়লে ১০ বছরের জেল ও জরিমানা হবে। জমি-বাড়ি কেনাবেচায় কালোটাকার ব্যবহার সবচেয়ে বেশি। কালোটাকায় বেনামি আদান-প্রদান রুখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আয়কর রিটার্নে তা জানানো বাধ্যতামূলক করা হবে। তথ্য লুকানো হলে সাত বছর পর্যন্ত জেল। আঁটুনি জোরদার করতে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইনও (ফেমা) সংশোধন করা হচ্ছে।