ভারতে ছয় মাসে খেলাপি ঋণ ১৫ শতাংশ বেড়েছে
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে মাত্র ছয় মাসে খেলাপি ঋণ ১৫ শতাংশ বেড়েছে। ফলে দেশটির ব্যাংক খাতে গত জুন নাগাদ এ ঋণের পরিমাণ ১৩ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এতে প্রমাণ হয় যে ভারতে খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হবে এবং তা প্রত্যাশার তুলনায় বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) উপাত্ত নিয়ে রয়টার্সের করা এক পর্যালোচনায় ভারতের খেলাপি ঋণের এমন চিত্র উঠে এসেছে।
ব্যাংক খাতে ঋণ ব্যবস্থাপনার দুর্বলতা দূর, বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জন এবং হোঁচট খাওয়া অর্থনীতি চাঙা করাটা এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই ইতিমধ্যে ব্যাংকগুলোকে তাদের হিসাব তথা স্থিতিপত্রে খেলাপি ঋণের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী বছরের মার্চে শেষ হবে এই সময়সীমা।
রয়টার্স রাইট-টু-ইনফরমেশন বা তথ্য পাওয়ার অধিকার অনুযায়ী অনুরোধ জানিয়ে ভারতের ব্যাংক খাতের খেলাপি ঋণের এই হিসাব পেয়েছে। এতে দেখা গেছে, গত জুন শেষে দেশটির ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ স্থানীয় মুদ্রায় ৯ দশমিক ২২ ট্রিলিয়নে (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) উন্নীত হয়েছে, যা ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলারের সমান। এর ছয় মাস আগে অর্থাৎ গত বছরের ডিসেম্বর শেষে দেশটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮ ট্রিলিয়ন রুপি বা ১২ হাজার ১০০ কোটি ডলার।
খেলাপি ঋণকে ব্যাংকের স্ট্রেসড অ্যাসেট বলা হয়, যা দুই রকমের। একটি হলো নন-পারফরমিং লোন বা খেলাপি, অন্যটি পুনর্গঠিত ঋণ। ভারতের ব্যাংকগুলো গ্রাহকদের এ ধরনের ঋণ পরিশোধের ক্ষেত্রে সময় বাড়িয়ে দেয় বা সুদের হার কমিয়ে ছাড় দিয়ে থাকে।
ভারতে মোট খেলাপি ঋণের ৮৮ শতাংশই হলো রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর। এসব ব্যাংকের খেলাপির ঋণের পরিমাণ ১২ হাজার ২০০ কোটি ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোতে এই পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ হচ্ছে ২৩০ কোটি ডলার।
দেশটিতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সংখ্যা প্রায় দুই ডজনের মতো। এসব ব্যাংককে ২০১৯ সাল নাগাদ ‘ব্যাসেল থ্রি’ খ্যাত বৈশ্বিক ব্যাংক আইন অনুযায়ী মান বজায় রেখে চলতে হলে ২ হাজার ৭০০ কোটি ডলারের নতুন মূলধনের দরকার হবে।