ভারতে ডেবিট কার্ড জালিয়াতি গ্রাহকের আস্থা কমাবে
ভারতের ডেবিট কার্ড জালিয়াতির ঘটনা দেশটির ব্যাংক গ্রাহকদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি পর্যায়ে তদন্ত শুরু হলেও এ ধরনের ঘটনায় সুনাম নষ্ট হয়, যার ক্ষতি ব্যাপক। বিবিসির এক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।
ডেবিট কার্ড জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারতের ব্যাংকগুলো। ব্যবস্থা অনুযায়ী, যেসব ব্যাংকের কার্ড ঝুঁকিতে আছে, তারা তাদের গ্রাহককে পিন কোড নম্বর বদলের নির্দেশ দিয়েছে। বেশ কিছু কার্ডের লেনদেন স্থগিত করা হয়েছে, পাল্টেও দেওয়া হয়েছে অনেক কার্ড।
সম্প্রতি দেশটির বিভিন্ন ব্যাংকের প্রায় ৩২ লাখ ডেবিট কার্ড জালিয়াতির ঝুঁকিতে খবর প্রকাশিত হয়। এটিএম বুথে ম্যালওয়্যার বসিয়ে এসব কার্ডের তথ্য চুরি করা হয়েছে। ভারতের ডেবিট কার্ড জালিয়াতির ঝুঁকির বিষয়টি প্রথম নজরে আসে গত জুলাইয়ে। ধারণা করা হচ্ছে, এই ডেবিট কার্ডগুলো যখন ইয়েস ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করা হয়, তখন এটিএম মেশিনের পেছনে বসানো ম্যালওয়্যারের মাধ্যমে পিন নম্বরসহ এসব কার্ডের বিস্তারিত তথ্য চুরি করে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু গ্রাহক অভিযোগ করেছেন, তাঁদের ডেবিট কার্ড ব্যবহার করে বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান দ্য ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে পেমেন্ট সুইচ প্রদানকারী সিস্টেমে সমস্যা আছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চালাচ্ছে সরকার।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাধারণত ইলেকট্রনিক লেনদেনের চেয়ে নগদ অর্থ ব্যবহার করে লেনদেন বেশি জনপ্রিয় ভারতে। ইলেকট্রনিক লেনদেন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। ভারতীয় লোকজন সবজি থেকে শুরু করে দামি গয়না কিনতেও নগদ খরচ করে।
সম্প্রতি ভিসা কার্ডের এক জরিপে দেখা গেছে, ভারতে মাথাপিছু ডিজিটাল লেনদেন হয় ১০টি। এই লেনদেন ব্রাজিলে ১৬৩টি এবং সুইডেনে ৪২৯টি। নগদ অর্থের এই চাপ অর্থনীতিতে বড় আর্থিক বোঝা তৈরি করে। গ্রাহকের আস্থা আনতে ভারতের ব্যাংকগুলো ব্যাপক চেষ্টা চালাচ্ছে।
চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত ভারতে ৬৯ কোটি ৭০ লাখ ডেবিট কার্ড ইস্যু হয়েছে, যা অন্য দেশের তুলনায় বেশ কম। দেশটির সরকার নিরাপদ লেনদেনে কার্ডের ব্যবহার জনপ্রিয় করতে উদ্যোগ নিলেও গ্রাহকের খুব বেশি আস্থা ফিরছে না। অনেক গ্রাহকই মনে করেন, সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর পদক্ষেপ যথেষ্ট নয়।
চলতি বছরের শুরুতে সরকার সংসদের উচ্চকক্ষকে জানিয়েছে, ২০১৫ সালে ভারতীয় ব্যাংকগুলোর নেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে প্রায় ১২ হাজার প্রতারক জড়িত। ভারতে নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজির ফরেনসিক সার্ভিসের প্রধান মোহিত বোহ জানান, ভারতীয় ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা প্রটোকল আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে তুলনা করার মতো। তবে নিরাপত্তাব্যবস্থা নিয়মিত নবায়ন ও পর্যবেক্ষণ করা হয় না। এ ধরনের ঘটনা পৃথিবীর যেকোনো ব্যাংকে হতে পারে। ব্যাংকিং ও আর্থিক সেবা খাত এমনিতেই সুরক্ষিত নয়।
এনপিসিআই জানিয়েছে, ব্যাংকগুলো থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ রুপি সরিয়ে নেওয়া হয়েছে। এতে ১৯টি ব্যাংক ও ৬৪১ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র থেকে এ অর্থ তুলে নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে অস্থিরতা তৈরির করার কিছু নেই। ইতিমধ্যে সংশোধনমূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিসা, মাস্টারকার্ড ও রুপাইয়ের মতো পেমেন্ট প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, তাদের নেটওয়ার্ক ব্যবস্থা আক্রান্ত না হলেও তারা এ ঘটনার তদন্তে ভারতীয় কর্তৃপক্ষকে পুরোপুরি সহযোগিতা করবে। ব্যাংকগুলোও নিশ্চিত করেছে, এ ধরনের সমস্যা এড়াতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
দ্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বলছে, তাদের অনুমোদিত ২০ কোটি ডেবিট কার্ডের মধ্যে ৬ লাখ ২০ কার্ড জালিয়াতির ঝুঁকিতে রয়েছে।