ভারতে তিন অপারেটরকে ৩ হাজার কোটি রুপি জরিমানা
ভারতের তিন মুঠোফোন অপারেটর ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলারকে মোট ৩ হাজার ৫০ কোটি রুপি জরিমানা করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (টিআরএআই)। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে আরেক অপারেটর রিলায়েন্স জিও ইনফোকমকে আন্তসংযোগ দিতে অসহযোগিতা করায় এ জরিমানা করেছে ভারতের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা টিআরএআই।
জানা গেছে, অপারেটরদের মধ্যে ভারতী এয়ারটেল ও ভোডাফোন ইন্ডিয়াকে ১ হাজার ৫০ কোটি করে মোট ২ হাজার ১০০ কোটি রুপি দিতে হবে। সার্কেলপ্রতি ৫০ কোটি রুপি জরিমানা হিসেবে এই অর্থ দিতে হবে এয়ারটেল ও ভোডাফোনকে। আর ১৯টি সার্কেলের জন্য আইডিয়াকে দিতে হবে ৯৫০ কোটি টাকা। উল্লেখ্য, পুরো ভারতকে অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ সেবার জন্য মোট ২৩টি সার্কেলে ভাগ করেছে টিআরএআই।
জরিমানার বিষয়ে গত শুক্রবার টিআরএআই এক চিঠিতে বলেছে, আন্তসংযোগে অসহযোগিতা করে তিন অপারেটর গ্রাহকস্বার্থ ক্ষুণ্ন ও বাজার প্রতিযোগিতায় বাধা তৈরি করেছে। চিঠিতে আরও বলা হয়, তিন অপারেটর যে অপরাধ করেছে তা লাইসেন্স হারানোর পর্যায়ের। কিন্তু একই সঙ্গে তিন অপারেটরের লাইসেন্স বাতিল হলে তা গ্রাহকস্বার্থের জন্য ভালো হবে না। তাই আর্থিক জরিমানা করা হয়েছে।
ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান হলো রিলায়েন্স জিও। দেশটির ২২টি সার্কেলে অপারেটরটি শুধু চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। শীর্ষ মুঠোফোন অপারেটরগুলো নতুন এ অপারেটরটিকে যথেষ্টসংখ্যক পয়েন্টস অব ইন্টারকানেক্ট (পিওআই) বা আন্তসংযোগ দিচ্ছে না—এমন অভিযোগ বেশ কিছু দিন ধরেই করে আসছিল রিলায়েন্স জিও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে