ভারতে তেলের দাম কমছে না
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ভারতে দাম কমছে না। অথচ এত দিন মোদি সরকার আন্তর্জাতিক বাজারে দর বাড়ার অজুহাতে দফায় দফায় দাম বাড়িয়েছে।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গত ৩০ জুলাই থেকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে প্রায় ৭ ডলার কমে ৭০ ডলারের নিচে নেমেছে। অথচ জুলাইয়ের মাঝামাঝি থেকে ভারতে তেলের দর রেকর্ড উচ্চতায় স্থির। কমার লক্ষণ আপাতত নেই। অনেকেই বলছেন, এটা বরাবর দেখা গেছে, অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। কিন্তু দাম কমলে তার সুবিধা মেলে না। মহামারির আবহে দেশবাসীর আর্থিক সংকটের কথা বিবেচনা করে অন্তত সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত।
তবে এখনো তেমন ইঙ্গিত নেই। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গত বছর লকডাউনের সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর মাইনাস ৩৭ ডলারে নেমে গেলেও ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেনি। টানা ৮২ দিন অপরিবর্তিত ছিল দাম। উল্টো সরকার উৎপাদন শুল্ক বাড়িয়েছে। পরে ব্রেন্টের দাম আবার যখন বেড়েছে, তখন আবার বেড়েছে পেট্রোপণ্যের দাম। ভারতের সবখানে পেট্রলের দাম লিটারে ১০০ রুপি ছাড়ায়।
ডিজেলের দামও বাড়ে। এমনকি কোথাও কোথাও তা ১০০ রুপির কাছাকাছি চলে যায়। কোথাও আবার ১০০-এর গণ্ডি পেরিয়ে যায়। অথচ দাম কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিতে সরকারের কাছে উৎপাদন শুল্ক কমানোর আরজি জানিয়ে লাভ হয়নি। উল্টো তেলের খরচের ধাক্কায় বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় হাঁসফাঁস দশা হয়েছে সাধারণ মানুষের।
কিন্তু অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৭৬ ডলারে ওঠার পর অপরিশোধিত তেলের দাম এখন অনেক কম। সোমবার তা একসময় ৬৭ দশমিক ৮৯ ডলারে নেমে যায়। বস্তুত ৩০ জুলাইয়ের পর থেকে প্রায় পুরো সময়েই তা নিম্নমুখী। ফলে প্রশ্ন উঠছে, দেশে এখনো তার প্রতিফলন নেই কেন।