ভারতে পেট্রলের দামে নতুন রেকর্ড, ডিজেলও রেকর্ডের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার খবরে ভারতের বাজারে পেট্রল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে পেট্রলের দাম বেড়ে আরও একটি নতুন রেকর্ড হয়েছে। ডিজেলের দামও ঊর্ধ্ব পানে ছুটছে। যেকোনো সময় ভেঙে যেতে পারে সর্বোচ্চ দামের পুরোনো রেকর্ড।

তবে গতকাল কিন্তু খুব বেশি বাড়েনি পণ্য দুটির দাম। পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি মাত্র ২৫ ও ৩০ পয়সা করে বাড়তেই নতুন উচ্চতায় উঠে গেল পেট্রল-ডিজেলের দাম। প্রতি লিটার পেট্রলের দাম রাজধানী দিল্লিতে ১০১ দশমিক ৬৪ রুপি ও মুম্বাইয়ে ১০৭ দশমিক ৭১ রুপিতে ওঠে, যা ভারতে পণ্যটির সর্বকালের সর্বোচ্চ দাম। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম দিল্লিতে ৮৯ দশমিক ৮৭ রুপি ও মুম্বাইয়ে ৯৭ দশমিক ৫২ রুপিতে উন্নীত হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) এক বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এই তথ্য পরিবেশন করে।

এদিকে ডিজেল-পেট্রলের মূল্যবৃদ্ধির ফলে যে গোটা ভারতজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ডিজেলের দামটাই মানুষকে ভোগান্তিতে ফেলবে বেশি। কারণ, এটি গণপরিবহনের জ্বালানি।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আইওসির পাম্পে গতকাল পেট্রলের দাম বেড়ে লিটারে ১০২ দশমিক ১৭ রুপিতে উন্নীত হয়েছে। কলকাতায় পেট্রলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ১০০ রুপিতে ওঠে গত ১৭ জুলাই। সেদিন দাম ১০২ দশমিক শূন্য ৮ রুপিতে ওঠে। কলকাতায় সেটাই ছিল এত দিন সর্বোচ্চ দাম। ওই দামটাই ভাঙল আজ।

কলকাতায় গতকাল প্রতি লিটার ডিজেল ৯২ দশমিক ৯৭ রুপি দরে বিক্রি হয়েছে। এর আগে ১৫ জুলাই কলকাতায় ডিজেলের দাম সর্বোচ্চ ৯৩ দশমিক শূন্য ২ রুপিতে ওঠে। সেই রেকর্ড যেকোনো দিন ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভারতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ডিজেল-পেট্রলসহ বিভিন্ন পণ্যের দাম সাধারণত আলাদা হয়ে থাকে স্থানীয় পর্যায়ে আরোপিত ট্যাক্স, মানে করের কারণে।

ডিজেল-পেট্রল নিয়ে একটি প্রচলিত অভিযোগ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে দেশে খুব সহজে কমে না। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়লেই অভ্যন্তরীণ বাজারে খুব দ্রুত দাম বেড়ে যায়। যেমন বিশ্ববাজারে কয়েক মাস ধরে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৭০ ডলারের নিচে থাকার পর এখন বেড়ে ৮০ ডলারে উঠতে না উঠতেই অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে শুরু করেছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড