ভারতে বাড়ছে পরিত্যক্ত ইস্পাত ও আখের ছোবড়ার চাহিদা

উৎপাদিত পণ্যের বর্জ্য ব্যবহার করে পুনরায় পণ্য উৎপাদন করার প্রক্রিয়া (রিসাইক্লিং) ভারতে এখন অন্যতম ব্যবসা হয়ে উঠেছে। চাহিদা বাড়ায় ইস্পাত ও লোহার পরিত্যক্ত টুকরা (স্ক্র্যাপ) এবং আখের ছোবড়াও এখন প্রস্তুত পণ্যের মতোই ভালো দামে বেচাকেনা হচ্ছে।
বাড়তি চাহিদার কারণে ভারতে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে টনপ্রতি পরিত্যক্ত ইস্পাতের টুকরার গড় মূল্য দাঁড়িয়েছে ২৬ হাজার রুপিতে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। অবশ্য লোহার আকরের স্বল্পতা পরিত্যক্ত ইস্পাতের মূল্যবৃদ্ধির একটি অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। এই দুটি পণ্য মূলত ইস্পাত তৈরির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
বিশ্বের অষ্টম বৃহত্তম আকরিক লোহার বিক্রেতা প্রতিষ্ঠান এনএমডিসি ইন্ডিয়া প্রতি টন লোহার আকরের গুঁড়া (ফাইনস) তিন হাজার ১৬০ রুপি এবং লোহার আকরের টুকরা (লাম্পস) চার হাজার ৬০০ রুপিতে বিক্রি করছে। গোয়া ও কর্ণাটক রাজ্যে আকরিক লোহা সরবরাহ বন্ধ থাকায় কৃত্রিম সংকট দেখা দেয়। সে কারণেই ইস্পাত বর্জ্যের দাম বাড়ছে।
ভারতে আকরিক লোহার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক সংগঠন ব্যুরো অব রিসাইক্লিং (বিআইআর) বলছে, ভারতের ইস্পাত কারখানাগুলো গত মে মাসের শেষ দিকে ও জুনের শুরুতে বেশি হারে পরিত্যক্ত ইস্পাত কিনেছে, যা স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি। ইস্পাতের উৎপাদন চাহিদার চেয়ে অভ্যন্তরীণ বাজারে সংকটের কারণেই এই বিক্রি বেড়েছে।
ভারতের রায়পুরের লোহা ব্যবসায়ী অতুল ট্যান্ডন বলেন, পরিত্যক্ত ইস্পাতের বাড়তি চাহিদার কারণেই গত সপ্তাহে পণ্যটির প্রতি টনে দাম বেড়েছে এক হাজার রুপির বেশি।

এভাবে বাড়তে থাকলে এর দাম কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তুত ইস্পাতের দামের সমান হয়ে যাবে।
ভারত ২০১৩-১৪ অর্থবছরে ৩৮ লাখ টন পরিত্যক্ত ইস্পাতের টুকরা আমদানি করেছে।
ভারতের স্টিল রি-রোলিং মিলগুলোর সমিতির একজন কর্মকর্তা জানান, মুম্বাইয়ের নবসেবা বন্দরে বিপুল পরিমাণ পরিত্যক্ত ইস্পাত পড়ে আছে, যা ইস্পাত কারখানাগুলো আমদানি করলেও এখনো খালাস করেনি।
ভারতের ইস্পাত কারখানাগুলোর ৪৫ শতাংশই তাদের জ্বালানি হিসেবে লোহার আকরের পরিবর্তে ইস্পাত বর্জ্য ব্যবহার করে।
এদিকে আখের ছোবড়ারও চাহিদা বেড়েছে বেশ। বিক্রিও হচ্ছে ভালো দামে। আখের ছোবড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এর মূল্য বেঁধে দিলেও রাজ্য সরকারগুলোকে তা কার্যকর করার ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। রাজ্যভেদে তাই পণ্যটির দামেও পার্থক্য দেখা যাচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যে আখের ছোবড়ার মূল্য প্রতি টন দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ রুপির মধ্যে ওঠানামা করলেও উত্তর প্রদেশে এর দাম দুই হাজার ৮০০ রুপি।
আখের ছোবড়ার ব্যবসায়ীরা জানান, বায়োগ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কাগজ কলগুলোতে প্রতি টন আখের ছোবড়া বিক্রি হচ্ছে দুই হাজার রুপিতে। কলকাতার চিনি পরিশোধনাগার প্রতিষ্ঠান রিগা সুগারের একজন মুখপাত্র বলেন, আখের ছোবড়া প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। চিনি ও কাগজ কলগুলোই এর প্রধান ক্রেতা। চিনি উৎপাদন কারখানাগুলো অনেক সময় চাহিদার অতিরিক্ত আখের ছোবড়া টনপ্রতি দুই হাজার রুপিতে বিক্রি করে।
সূত্র: বিজনেস লাইন।