ভারতে বিধিনিষেধকালে পূর্ণ বেতন পেলেন ৮১% কর্মী
গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা লকডাউন বা বিধিনিষেধের সময় ভারতের ৮১ শতাংশ কর্মী পূর্ণ বেতন পেয়েছেন। এ সময়ে কর্মী ছাঁটাই করেছে ২৭ শতাংশ প্রতিষ্ঠান। ৭০ শতাংশ প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেনি।
সম্প্রতি কর্মসংস্থানবিষয়ক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত বছরের ২৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এ জরিপ করা হয়। জরিপের ফল প্রকাশ করা হয় গত সোমবার। এতে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ৬৯ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠান আবার কর্মী নিয়োগ দিতে শুরু করে। অবশ্য আরও বেশি কর্মী নিয়োগ দেয় ৪ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপ প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে লকডাউন বা বিধিনিষেধ শুরুর প্রথম তিন মাসে শ্রমিক-কর্মীদের বেতন কমেছে ১৬ শতাংশ। ৩ শতাংশ কর্মী কোনো বেতনই পাননি, অর্থাৎ তাঁরা এক টাকাও পাননি। বিনিয়োগ তথ্য ও ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ইকরার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, সার্বিক অনিশ্চয়তার কারণে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে (জরিপের সময়) পণ্য বিক্রি যেমন কমেছে, তেমনি কর্মসংস্থান ও কর্মীদের বেতনের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সময়ে ভারতে জনগণের ভোগ ব্যয় কমেছে ২৬ শতাংশ।
তবে প্রথম লকডাউন বা বিধিনিষেধকালে অবশ্য স্বাস্থ্য ও আর্থিক খাতের ৯০ শতাংশের বেশি কর্মী পূর্ণ বেতন পেয়েছেন। তবে কনস্ট্রাকশন বা নির্মাণ খাতের ২৭ শতাংশ শ্রমিককে নির্ধারিত মজুরির চেয়ে কম অর্থ নিতে হয়েছে। আর কোনো মজুরিই পাননি, এমন শ্রমিক ৭ শতাংশ। বিধিনিষেধের প্রথম তিন মাসে সারা ভারতে সবচেয়ে বেশি খোলা ছিল স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠান, যা শতকরা হিসাবে ৮৮ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ দশমিক ৬ শতাংশ প্রতিষ্ঠান খোলা ছিল আর্থিক সেবা খাতের।
সবচেয়ে বেশি বন্ধ ছিল শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো। এ খাতের ৭৬ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠান তখন বন্ধ ঘোষণা করা হয়। এর পরেই ছিল রেস্তোরাঁ খাত। এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ শতাংশ প্রতিষ্ঠানে তখন তালা ঝুলছিল। আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ৭১ দশমিক ৫ শতাংশ বন্ধ ছিল তখন, যা শতকরা হিসাবে তৃতীয় সর্বোচ্চ।
জরিপমতে, ভারতে বিধিনিষেধের প্রথম তিন মাসে আর্থিক ও শিক্ষা খাতের ৮৪ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠানে কোনো কর্মী ছাঁটাই হয়নি। করোনার প্রথম দিকে দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে উৎপাদন, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ খাতে। তখন উৎপাদন খাতের ৩৮ দশমিক ১ শতাংশ, নির্মাণ খাতের ৩৪ দশমিক ৫ শতাংশ এবং হোটেল-রেস্তোরাঁ খাতের ৩৪ দশমিক ৩ শতাংশ প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড