ভারতে ব্যাংকের এমডি গ্রেপ্তার
ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) রাষ্ট্রীয় মালিকানাধীন সিন্ডিকেট ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুধীর কুমার জৈন এবং তাঁর শ্যালকসহ সন্দেহভাজন অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে। ঘুষ নিয়ে প্রচলিত আইন লঙ্ঘন করে গ্রাহককে নির্ধারিত সীমার বেশি ঋণ দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হলো দুর্নীতিবিরোধী প্রথম বড় ধরনের অভিযান।
এদিকে প্রতিবেশী বাংলাদেশের ব্যাংক খাতে প্রায়ই ব্যাপক হারে অনিয়ম-দুর্নীতি সংঘটিত হলেও এ জন্য তেমন কোনো শাস্তি বা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা দেখা যায় না বললেই চলে। সে জন্য ভারতে একজন শীর্ষ ব্যাংক নির্বাহীর গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম আলোর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মন্তব্য চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভারতে সঠিক কাজটিই হয়েছে। কারণ কোনো দেশে যখন দুর্নীতির শাস্তি হয় না তখন সেখানে দুর্নীতির প্রসার ঘটে। আর শাস্তি হলে ক্রমেই দুর্নীতি কমতে থাকে। আর আমাদের দেশে দুর্নীতির শাস্তি হয় না, ক্ষেত্রবিশেষে দুর্নীতিবাজদের প্রশ্রয়ও দেওয়া হয়। তাই দুর্নীতির প্রসার ঘটছে।’
সুধীরের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি আগের সরকারের আমলে ৫০ লাখ রুপি বা ৮২ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নিয়ে দুটি কোম্পানিকে ঋণসীমার চেয়ে বেশি ঋণ দিয়েছেন।
সিবিআইয়ের পরিচালক রণজিৎ সিনহা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা উচ্চপর্যায়ে দুর্নীতি রোধে বদ্ধপরিকর। এই চক্রান্তের সঙ্গে অন্যান্য ব্যাংকও জড়িত রয়েছে। এখন সুধীর জৈনসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।আজকের ঘটনাটি ঠিক সে রকমই একটি উদাহরণ।’
পুলিশি তদন্ত সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা রাজধানী দিল্লিসহ মুম্বাই, বেঙ্গালুরু ও ভোপালের ২০টি স্থানে ঝটিকা অভিযান চালান। এ সময় তাঁরা ব্যাংকটির শাখাগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ, নথিপত্র ও কম্পিউটারের তথ্যাবলি জব্দ করেন।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সুধীরসহ ব্যাংকের অন্যান্য অভিযুক্ত ব্যক্তি এবং সীমার বেশি ঋণ নেওয়া দুই প্রতিষ্ঠান প্রকাশ ইন্ডাস্ট্রিজ এবং ভুষণ স্টিলেরও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
সিবিআই বলেছে, প্রতিষ্ঠান দুটি যাতে কয়লা চুক্তিতে অংশ নিতে পারে সে জন্য তাদের ঋণসীমার অতিরিক্ত ঋণ দেওয়া হয়েছে।
বছর দুয়েক আগে তৎকালীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের সময়ে বহুল আলোচিত কয়লা কেলেঙ্কারিতে এই দুটি কোম্পানি জড়িত ছিল। কয়লা উত্তোলনের ব্লক বরাদ্দ নিয়ে ওই কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল। এতে কংগ্রেস সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়। অনেকে মনে করেন, গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তাদের ভরাডুবির এটি একটি মুখ্য কারণ।
দুই বছর আগে সরকারি নিরীক্ষকেরা জানান, বেসরকারি কোম্পানিগুলোর কাছে খুব সস্তায় কয়লা উত্তোলন ব্লক হস্তান্তরের কারণে রাষ্ট্র তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। নিরীক্ষকদের প্রাক্কলিত হিসাব অনুযায়ী, কয়লা কেলেঙ্কারিতে ভারত মোট ২১ হাজার কোটি ডলারের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
ওই সময়ে বিরোধী দলে থাকা হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি কয়লা কেলেঙ্কারির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। তারা কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ ‘লুটপাটের’ অভিযোগ তোলে।
দক্ষিণ ভারতে প্রায় ৯০ বছর আগে সিন্ডিকেট ব্যাংকের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালে এটি জাতীয়করণ হয়। বর্তমানে ব্যাংকটির ৬৭ শতাংশ শেয়ারের মালিক ভারত সরকার।
গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান ও এমডি সুধীর কুমার জৈন এক বছর আগে ব্যাংক অব বরোদা থেকে সিন্ডিকেট ব্যাংকে যোগ দেন। সেটিও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, টাইমস অব ইন্ডিয়া