ভারতে মূল্যস্ফীতি এখন শূন্য!

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে হোলসেল প্রাইস ইনফ্লেশন বা পাইকারি দামে মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) কমে শূন্যের কোঠায় নেমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবাদে স্থানীয়ভাবে খাদ্যপণ্য, জ্বালানি তেল ও বিভিন্ন তৈরি পণ্যের দাম পড়ে যাওয়ার কারণেই নভেম্বর মাসে মূল্যস্ফীতি কমেছে। এ নিয়ে টানা ছয় মাস ধরে তা কমল।
আর গত প্রায় সাড়ে পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে শূন্য মূল্যস্ফীতির রেকর্ড দেখা গেল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় সার্বিকভাবে পণ্যের দাম এক পয়সাও বাড়েনি। উদাহরণ দিয়ে বলা যায়, গত বছরের নভেম্বরে যেখানে সব মিলিয়ে মানুষের ১০০ টাকা খরচ হতো, সেখানে এ বছরের নভেম্বরেও একই পরিমাণ খরচ হয়েছে। ইতিপূর্বে ২০০৯ সালের জুলাইয়ে দেশটিতে মূল্যস্ফীতি কমে শূন্য দশমিক ৩ শতাংশে নেমেছিল।
আগের মাস অক্টোবরে ভারতে মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৭৭ শতাংশ। গত বছরের নভেম্বর মাসে এ হার ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।
ভারত সরকারের গতকাল সোমবার প্রকাশ করা পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে শূন্য দশমিক ৬৩ শতাংশে নেমেছে। গত মে মাস থেকে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমে প্রায় তিন বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খাদ্যপণ্যগুলোর মধ্যে নভেম্বরে পেঁয়াজের দাম আগের বছরের একই মাসের তুলনায় ৫৬ দশমিক ২৮ শতাংশ কমেছে। আগের মাস অক্টোবরে পণ্যটির দাম কমেছিল ৫৯ দশমিক ৭৭ শতাংশ।
আলোচ্য মাসে শাকসবজির দাম কমেছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। তবে এই মাসে ডিম, মাছ, মাংস প্রভৃতি প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্যের দাম ৪ দশমিক ৩৬ শতাংশ এবং গোল আলুর দাম ৩৪ দশমিক ১০ শতাংশ বেড়েছে। ফল ও দুধের দাম যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ বেড়েছে।
নভেম্বরে ভারতে চিনি, ভোজ্যতেল, বেভারেজেস বা কোমল পানীয় ও সিমেন্ট—এসব তৈরি পণ্যের দাম আগের বছরের একই মাসের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের মাসে এ হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। আবার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৫ দশমিক ১ শতাংশ ও ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। এদিকে আলোচ্য মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতিও কমে ৪ দশমিক ৩৮ শতাংশে নেমেছে।
অক্টোবরে শিল্প খাতে উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ কমার পর নভেম্বরে পাইকারি ও খুচরা মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) নীতিনির্ধারণী সুদের হার কমানোর চাপে ফেলে দিয়েছে। কারণ, বিদ্যমান অবস্থায় প্রবৃদ্ধি অর্জন করতে হলে শিগগিরই সুদহার কমাতে হবে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।
অর্থমন্ত্রী অরুণ জেটলিও সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সুদের হার কমাতে আরবিআইকে পরামর্শ দিয়েছেন। একই দাবি উদ্যোক্তাদের। এ নিয়ে গত সপ্তাহে লোকসভায়ও বিতর্ক হয়েছে।
তবে আরবিআইয়ের গভর্নর রঘুরাম রাজন অবশ্য জোর দিয়েই বলেছেন, শুধু সুদের হার কমালেই অর্থনীতি চাঙা হয়ে উঠবে না।
বর্তমান প্রবণতায় চলতি ২০১৪-১৫ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৫ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা আছে। কারণ, কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার রবিশস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে কমবে। এতে দাম বাড়বে।
সূত্র: বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড