ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেসরকারীকরণ নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করতে বেসরকারীকরণের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সরকারের মালিকানা বিক্রি করে এক লাখ ৬০ হাজার কোটি রুপি বা দুই হাজার ৬০০ কোটি ডলার আয়ের ঘোষণা দিয়েছেন।
তবে ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে বলছেন, বেসরকারি খাতে মালিকানা ছেড়ে দিয়ে এত টাকা উত্তোলন কঠিন হবে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক সংকট কাটাতে সরকারের এমন উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তাঁরা।
চলতি বছরের প্রকাশিত এক হিসাবে দেখা গেছে, আর্থিক সংকট কাটিয়ে ঋণ বিতরণ কার্যক্রম চাঙা করতে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রয়োজন দুই লাখ ৪০ হাজার কোটি রুপি। দেশটিতে ব্যাংকিং খাতের মোট সম্পদের ৭৫ শতাংশই নিয়ন্ত্রণ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।
চলতি বছরের জুলাইয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে বলেন, ‘বড় আকারের আর্থিক তহবিলের চাহিদা মেটাতে আমাদের বিকল্প উৎস খুঁজতে হবে।’ এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রায়ত্ত ২৭টি ব্যাংকের সরকারের মালিকানা ২০১৯ সালের মধ্যে ৫২ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে ভারত সরকারের মালিকানা ৫৬ থেকে ৮৪ শতাংশ।
চলতি বছরে ভারতের সবচেয়ে বড় পুঁজিবাজার মুম্বাই স্টক এক্সচেঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শেয়ারের দামে চাঙা ভাব এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চলতি বছরের মে মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে মুম্বাই স্টক এক্সচেঞ্জের ব্যাংক শেয়ারের সূচক ‘ব্যাংক এক্স’-এর প্রবৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ। ধারাবাহিকভাবে খারাপ করা রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে সরকারের রাজনৈতিক সংস্কারের ঘোষণায় শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে।
তবে শেয়ারবাজারের এ চাঙা ভাব কতটুকু স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। কেননা, ব্যাংকগুলোর প্রশাসনিক কাজে গতি আনার জন্য তেমন কোনো কাজ করা হয়নি। অর্থনৈতিক মন্দার পাশাপাশি ২০১৪ সালে বছরজুড়ে মন্দ ঋণের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতি ভট্টাচার্য মনে করেন, মন্দ ঋণের পরিমাণ আসছে ২০১৫ সালে আরও খারাপ হবে।
ব্যাংক খাতের আর্থিক সংকট কাটাতে গত চার বছরে ভারত সরকার ইতিমধ্যেই ৫৮ হাজার ৬০০ কোটি রুপি খরচ করেছে। কিন্তু ক্রমেই বাড়তে থাকা বাজেট ঘাটতি ও মূলধনের ঝুঁকি হ্রাসে ব্যাসেল-৩-এর কড়াকড়ির কারণে ভারত সরকারের কাছে এখন ব্যাংকগুলোর মালিকানা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই।
আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডির ভাইস প্রেসিডেন্ট মনে করেন, ব্যাংকগুলোর সংকট কাটাতে ভারতে সরকারের এ পদক্ষেপ সাহায্য করবে, তবে সমস্যার পুরো সমাধান হবে না। কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান বাজারদরে বড় আকারের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা বিক্রি করে ভারত সরকারের সর্বোচ্চ আয় হবে এক হাজার ১৫০ কোটি ডলার। আরেক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান মরগান স্ট্যানলির হিসাব অনুযায়ী, বর্তমান বাজারদর অনুযায়ী সব রাষ্ট্রীয় ব্যাংকের শেয়ার বিক্রি করে ভারত সরকারের আয় হতে পারে এক হাজার ৫০০ কোটি ডলার, যা দুই হাজার ৬০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা থেকে অনেক কম।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ছাড়া রাষ্ট্রায়ত খাতের অন্য ব্যাংকগুলোর শেয়ার দর এখন প্রাথমিক বিক্রয়মূল্যের চেয়ে কম। এমন দামে ছেড়ে দেওয়া হলে তা মোটেই সরকারের জন্য লাভজনক হবে না বলে মনে করেন শেয়ার লেনদেন প্রতিষ্ঠান ইন্ডিয়া ইনফোলাইনের প্রধান গবেষক প্রবোধ আগারওয়াল।
সমস্যা সমাধানে ব্যাংক খাতের আমূল সংস্কার ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। ব্যাংক খাত সংস্কারের মাধ্যমে সুশাসন ও কর্মদক্ষতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর বেশির ভাগই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর রঘুরাম রাজন এসব সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়ার কথা বলছেন।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস