ভারতে শিল্প উৎপাদন কমেছে
ভারতে ১৩ মাসের মধ্যে প্রথমবারের মতো শিল্প খাতের উৎপাদন সংকুচিত হয়েছে। দেশটিতে গত নভেম্বর মাসে এই খাতের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কমেছে।
সরকারিভাবে গতকাল মঙ্গলবার এই তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়েছে। অথচ এক মাস আগে গত অক্টোবরেও ভারতে ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন বা শিল্প উৎপাদনের সূচক (আইআইপি) ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছিল, যা প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে সেটাকে অর্থনীতিবিদেরা পরিসংখ্যানগত বিচ্যুতি বলে চিহ্নিত করেছিলেন।
অর্থনীতিবিদদের মতে, আগের বছরের পরিসংখ্যানের ভিত্তি কম করে দেখার কারণেই মূলত অমন প্রবৃদ্ধি হয়েছে।
ভারতে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাসে শিল্প খাতে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটিতে এপ্রিল–মার্চ সময় হলো অর্থবছর।
এদিকে বড় খাতগুলোর মধ্যে কেবল উৎপাদন খাতেই নভেম্বর মাসে বার্ষিক ভিত্তিতে ৪ দশমিক ৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ সংকুচিত হয়েছে। আগের মাস অক্টোবরে খাতটিতে প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৬ শতাংশ।
তবে এপ্রিল-নভেম্বর সময়ে সার্বিকভাবে উৎপাদন খাতে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড