ভারতে ১০টির বেশি বাতিল নোট থাকলে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এরপর বাতিল নোট শুধু দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে (আরবিআই) জমা দেওয়া যাবে
ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এরপর বাতিল নোট শুধু দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে (আরবিআই) জমা দেওয়া যাবে

ভারতে আগামী বছরের ৩১ মার্চের পর পুরোনো ৫০০ বা ১০০০ রুপির ১০টির বেশি নোট সঙ্গে রাখলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
বাতিল হয়ে যাওয়া এ দুটি নোটের বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশটি পাস করা হয়েছে। খবর ইকোনমিক টাইমস অব ইন্ডিয়া ও বিজনেস স্ট্যান্ডার্ড-এর।
ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট জমা দেওয়ার শেষ দিন আগামীকাল ৩০ ডিসেম্বর শুক্রবার। এরপর বাতিল নোট শুধু দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে (আরবিআই) জমা দেওয়া যাবে। তবে নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চের পর একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি নোট রাখতে পারবেন। এর বেশি নোট কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে চার বছর পর্যন্ত জেল অথবা আর্থিক জরিমানা হওয়ার কথা বলা হয়েছে সরকারি অধ্যাদেশে। যত টাকার বাতিল নোট উদ্ধার হবে, তার পাঁচ গুণ অর্থ জরিমানা হিসেবে নেওয়া হতে পারে।
এদিকে গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে আরেকটি অধ্যাদেশও পাস করানো হয়েছে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর পুরোনো নোট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে কেউ যাতে সমমূল্যের বৈধ নোট দাবি করতে না পারেন, তার জন্য আরবিআই আইনে সংশোধন এনে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্বাক্ষর করলেই অধ্যাদেশ দুটি আইনে পরিণত হবে।
গতকালের অধ্যাদেশে আরও বলা হয়েছে, ৩১ মার্চের পর কেউ বাতিল নোট নিয়ে রিজার্ভ ব্যাংকে গেলে তার বিনিময়ে বৈধ নোট মিলবে না। বিশেষ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার পরও ১০টির বেশি বাতিল নোট রাখা বা ব্যাংকে জমা দেওয়া যেতে পারে। তবে সেই বিশেষ ক্ষেত্রগুলো কী কী, তা অধ্যাদেশে স্পষ্ট করে এখনো জানানো হয়নি। ৩১ ডিসেম্বরের পরে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই বিশেষ ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করা হবে।
কালোটাকার বিস্তার রোধে গত ৮ নভেম্বর এক সরকারি নির্দেশনায় ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করা হয়। নির্দেশনায় ৩০ ডিসেম্বরের মধ্যে এই মানের নোট জমা দিয়ে সমপরিমাণ ছোট নোট সংগ্রহ করতে বলা হয়। তখন নতুনভাবে চালু করা হয় ২০০০ রুপির নোট। আরবিআইয়ের হিসাবে এখন পর্যন্ত ৮৬ শতাংশ বাতিল নোট জমা হয়েছে, যার পরিমাণ প্রায় ১৩ লাখ কোটি রুপি।
নোট বাতিলের ঘোষণা সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকে বাতিল নোটে অপ্রদর্শিত অর্থ জমা দিলে ৫০ শতাংশ কর বা জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে। তবে কেউ যদি আয়কর কর্মকর্তাদের হাতে ধরা পড়েন, তাহলে অপ্রদর্শিত অর্থের ৯০ শতাংশই জরিমানা হিসেবে দিতে হবে। সরকারের পক্ষ থেকে আরেকটি নির্দেশনায় বলা হয়, নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার উপস্থিতি ছাড়া ব্যাংকে বা পোস্ট অফিসে বাতিল নোট জমা দেওয়া যাবে না। এরপর অনেকে তাঁদের অপ্রদর্শিত অর্থ মন্দিরে অনুদান দেন। কেউ কেউ বাতিল নোট পুড়িয়ে ফেলেছেন অথবা নদী-নর্দমায় ফেলে দিয়েছেন।