ভারতে ১৪ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মোটরগাড়ির খুচরা যন্ত্রাংশের বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে প্রতিযোগিতা কমানোর অভিযোগে ১৪টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে দুই হাজার ৫০০ কোটি রুপি (৪২ কোটি ২০ লাখ ডলার) জরিমানা করেছে দেশটির প্রতিযোগিতা কমিশন কর্তৃপক্ষ বা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)।
সংস্থাটি গত সোমবার জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানগুলো খোলাবাজারে গাড়ির যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের এই জরিমানা গুনতে হবে। চীনের সরকার জাপানি যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার একদিন পরই এ সিদ্ধান্ত নিল ভারত সরকার।
জরিমানার এই অর্থ টাটা মটরস, মারুতি সুজুকির মতো ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যেমন দিতে হবে, তেমনি দিতে হবে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ ইন্ডিয়া, জেনারেল েমাটরসের মতো বিদেশি মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকেও।
এককভাবে সর্বোচ্চ জরিমানা গুনতে হবে টাটা মোটরসকে। তাদের জরিমানার পরিমাণ এক হাজার ৩০০ কোটি রুপি, যা সিসিআই নির্ধারিত মোট জরিমানার অর্ধেকের বেশি। এ বিষয়ে টাটা মোটরস ই-মেইলের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, জরিমানার ব্যাপারে বিস্তারিত না জেনে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।
সিসিআই বিবৃতিতে আরও বলছে, প্রতিযোগিতা আইনবিরোধী এসব কর্মকাণ্ড খুচরা যন্ত্রাংশের ব্যবসায়ী ও এগুলোর মেরামতকারীদের জন্য বাধার সৃষ্টি করেছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রেতা থেকে শুরু করে পাইকারি ও খুচরা বিক্রেতা সবাই। সিসিআই এক হিসাবে দেখিয়েছে, দেশব্যাপী দুই কোটি গ্রাহক এর জন্য প্রত্যক্ষভাবে ক্ষতির শিকার হয়েছে।
দুর্নীতিবিরোধী অভিযানকে শক্তিশালী করার জন্যই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জরিমানার এই খবর প্রভাব ফেলেছে ভারতের শেয়ারবাজারে। গত মঙ্গলবার মুম্বাইয়ের পুঁজিবাজারে মারুতি ও টাটার শেয়ারের দাম কমেছে যথাক্রমে শূন্য দশমিক ৮ ও শূন্য দশমিক ৩ শতাংশ।
জরিমানার এই সিদ্ধান্ত বর্তমানে ধুঁকতে থাকা ভারতের মোটরগাড়িশিল্পের জন্য আরকেটি বড় ধাক্কা। গত দুই বছরে ভারতের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে আসায় গাড়ির বেচাকেনাও ধারাবাহিকভাবে কমেছে।
গত সপ্তাহে চীন সরকার ১০টি জাপানি মোটরগাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে অতিরিক্ত দাম নেওয়ার কারণে। জরিমানার পরিমাণ ১২৪ কোটি রেনমিনবি বা ২০ কোটি ২০ লাখ ডলার, যা চীনে এখন পর্যন্ত এই খাতে ধার্য করা সর্বোচ্চ। এর বাইরে মার্সিডিজ, অডি, ক্রাইসলারের মতো প্রতিষ্ঠানগুলোকেও একই রকম জরিমানা করতে যাচ্ছে চীনের সরকার।
ভারতীয় কর্তৃপক্ষের এই জরিমানা দেশটিতে তৈরি হওয়া গাড়িগুলোর নিরাপত্তার মানের দিকেও একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে, ভারতে নির্মিত গাড়িগুলোর নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের ধারেকাছে নেই।
সিসিআই বলছে, ভারতে নির্মিত গাড়ির নিরাপত্তা, খুচরা যন্ত্রাংশ ও বিক্রয়-পরবর্তী সেবার মান নিয়ে প্রশ্ন আছে। এগুলো নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনার অভাব রয়েছে। সরকারকে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ২০১২ সালের জুন মাসে জাতীয় সংসদে ‘প্রতিযোগিতা কমিশন’ আইন পাস হয়। একজন চেয়ারম্যান ও সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে এই কমিশন গঠন করার কথা। তবে প্রয়োজনীয় লোকবল নিয়োগ না হওয়ায় দেশে আইনটি এখনো কার্যকর করা যাচ্ছে না।সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস