ভারতে ৩২ লাখ ডেবিট কার্ড ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিভিন্ন ব্যাংকের প্রায় ৩২ লাখ ডেবিট কার্ড ঝুঁকিতে পড়েছে। এসব কার্ডের পিন নম্বরসহ বিভিন্ন তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ অবস্থায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) নতুন করে ৬ লাখ কার্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অন্য ব্যাংকগুলোও ওই সব কার্ডের পিন নম্বর পরিবর্তন ও আন্তর্জাতিক লেনদেন বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও দ্য ইকোনমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।
এসব কার্ডের মধ্যে ২৬ লাখ হলো ভিসা ও মাস্টার কার্ডের। বাকি ৬ লাখ কার্ড আরইউপের। ইয়েস ব্যাংক, এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক এসব কার্ড ইস্যু করেছিল।
ধারণা করা হচ্ছে, এই ডেবিট কার্ডগুলো যখন ইয়েস ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করা হয়, তখন এটিএম মেশিনের পেছনে বসানো ম্যালওয়্যারের মাধ্যমে পিন নম্বরসহ এসব কার্ডের বিস্তারিত তথ্য চুরি করে নেওয়া হয়েছে। এটি ভারতে সবচেয়ে বড় এটিএম কার্ড জালিয়াতির চেষ্টা। ঘটনাটি তদন্তে বেঙ্গালুরুর ফরেনসিক অডিট প্রতিষ্ঠান এসআইএসএকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এটিএম কার্ড ব্যবহারে ঝুঁকির বিষয়টি গত জুলাইয়ে ইয়েস ব্যাংকের নজরে আসে। ব্যাংকটির এটিএম সার্ভিস-প্রক্রিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান হিটাচি পেমেন্ট সার্ভিস নামের কোম্পানি ঝুঁকির বিষয়ে এখনো কোনো মতামত দেয়নি। তারা বলছে, এখনই পিন নম্বর বদলানোর প্রয়োজন নেই। তাদের মতে, সাধারণভাবেই মাঝেমধ্যে পিন নম্বর পরিবর্তন করা উচিত।
ইয়েস ব্যাংকের এটিএম সার্ভিসে অন্যান্য ব্যাংকের ডেবিট কার্ডও ব্যবহার করা যায়। তাই ইয়েস ব্যাংকের এটিএম বুথের সংখ্যা কম থাকলেও বহু ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা এই জালিয়াতির মুখে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা ব্যাংকিং-ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টিকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।