ভারতে ৫০ কোটি টাকা মূলধন বাড়াবে সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভার এ-সংক্রান্ত স্মারকে উল্লেখ করা হয়, মূলধন কম হওয়ার কারণে ভারতের বড় ব্যবসায়ীদের ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া বড় ব্যাংক গ্যারান্টি, বড় অঙ্কের ঋণপত্রও খোলা যাচ্ছে না। এতে ব্যাংকটির দুটি শাখা বড় ধরনের ব্যবসা হারাচ্ছে। ভারতের স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গেও প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ কারণে ভারতের দুটি শাখা পরিচালনা করতে ৫০ কোটি টাকা মূলধন জোগান দেওয়ার সিদ্ধান্ত হয়।

যোগাযোগ করা হলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতের দুটি শাখার মূলধন কম হওয়ায় বড় ব্যবসা করা যাচ্ছে না। ফলে ভারতের ব্যাংকগুলোর সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে। মূলধন বাড়ানো গেলে দেশটির ব্যবসায়ীদের বড় ঋণ দেওয়া যাবে। শাখা দুটি ভালো মুনাফাও করতে পারবে।

জানা গেছে, গত পাঁচ বছরে মুনাফা করে শাখা দুটি। তবে কোনো মুনাফা দেশে আনতে পারেনি। ভারতের ২০১১-১২ অর্থবছরে শাখা দুটি মুনাফা করে ৯৩ লাখ রুপি, ২০১২-১৩ অর্থবছরে ১ কোটি ৭৫ লাখ রুপি, ২০১৩-১৪ অর্থবছরে ৭৭ লাখ রুপি, ২০১৪-১৫ অর্থবছরে ১ কোটি ৭ লাখ রুপি এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ কোটি ৬২ লাখ রুপি।

ব্যাংকটি বলছে, সাম্প্রতিক সময়ে মেসার্স ক্যানন ডানকার্লি নামের একটি প্রতিষ্ঠান ৫০ কোটি ৫০ লাখ ডলারের ব্যাংক গ্যারান্টির জন্য আসে। তবে মূলধন কম থাকায় ওই সেবা দিতে পারেনি ব্যাংক। এ ছাড়া আরও ভারতীয় ব্যবসায়ী বড় ঋণের জন্য এলেও দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শাখা দুটি বড় কোনো মুনাফাও করতে পারছে না।

ব্যাংকটির সংশ্লিষ্ট বিভাগের এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ব্যাংকটি মূল ব্যবসায় লোকসান গুনছে। সরকারের মূলধন জোগানের ওপর নির্ভর করছে ব্যাংকটির পথচলা। আর ভারতের সঙ্গে দেশের আন্তর্জাতিক বাণিজ্যেও শাখা দুটি কোনো ভূমিকা রাখতে পারছে না। এমন অবস্থায় ভারতের ব্যবসায়ীদের ঋণ দিতে নতুন করে মূলধন নেওয়া ঠিক হবে না।

সোনালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৮ হাজার ৬৮৪ কোটি টাকা। এর মধ্যে গত বছরে ব্যাংকটি ৮১১ কোটি টাকা ঋণ আদায় করে, সুদ মওকুফ করে ৮৮ কোটি টাকা, পুনঃ তফসিল ও পুনর্গঠন করে ৩৮৬ কোটি টাকার ঋণ। এর ফলে খেলাপি ঋণ কমে এলেও গত বছরে নতুন করে খেলাপি হয় ২ হাজার ৮৫০ কোটি টাকার ঋণ। এতে ২০১৬ সাল শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ১০ হাজার ২৪৭ কোটি টাকা। ব্যাংকটির লোকসানি শাখা গত বছর শেষে হয়েছে ২৩৩টি, আগের বছর শেষে যা ছিল ১২৬টি।

২০১৬ সালের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সোনালী ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকা সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন হয়। তবে ব্যাংকটিকে চলতি বছরে ৪০ শতাংশ, ২০১৮ সালে ৪০ শতাংশ ও ২০১৯ সালে ২০ শতাংশ সঞ্চিতি সংরক্ষণের বিশেষ সুযোগ দেওয়া হয়। এর ফলে ২০১৬ সালে ১৫০ কোটি টাকা মুনাফা দেখানোর সুযোগ পায়।