ঘোষিত অর্থের পরিমাণ ৬৫ হাজার ২৫০ কোটি রুপি
ভারতে ৬৪ হাজার ব্যক্তির কালোটাকা প্রদর্শনের ঘোষণা
ভারতে ৬৪ হাজার ২৮৫ ব্যক্তি তাঁদের আগের অপ্রদর্শিত আয় প্রদর্শন তথা কালোটাকা বৈধ করার ঘোষণা দিয়েছেন। তাঁরা মোট ৬৫ হাজার ২৫০ কোটি রুপি প্রদর্শন বা বৈধ করার ঘোষণা দেন।
চার মাস মেয়াদি ইনকাম ডিক্লারেশন স্কিম বা আয় প্রদর্শন পরিকল্পনার (আইডিএস) আওতায় ভারতের ডিরেক্টর ট্যাক্স বা প্রত্যক্ষ কর বিভাগের কাছে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন বা বৈধ করার এ ঘোষণা দেওয়া হয়।
আইডিএসের মেয়াদ শেষ হওয়া (৩০ সেপ্টেম্বর) উপলক্ষে গতকাল শনিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই তথ্য প্রকাশ করেন। এতে তিনি অবশ্য বলেন, আপাতত অপ্রদর্শিত আয় প্রদর্শনের একটি সম্ভাব্য পরিমাণ প্রকাশ করা হয়েছে। সনাতনী পদ্ধতি ও অনলাইন ব্যবস্থায় দেওয়া সব ঘোষণা যাচাইয়ের পর সঠিক তথ্য জানা যাবে। তিনি বলেন, এই অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের বিপরীতে তাঁদের যে পরিমাণ আয়কর ও জরিমানা দিতে হবে, সেটির চূড়ান্ত হিসাব এখনো করা হয়নি। এ ধরনের অর্থের ওপর কর ও জরিমানাসহ ৪৫ শতাংশ অর্থ কাটা হবে। এতে কর আদায়ের পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার কোটি রুপির মতো।
আইডিএসের আওতায় করদাতাদের অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়; যাতে তাঁরা আয়কর আইন, সম্পদ কর আইন ও বেনামি (নিষিদ্ধ) লেনদেন-বিষয়ক আইনের আওতায় দায়ের হওয়া মামলা থেকে রেহাইয়ের সুযোগ পান।
ভারতের অর্থমন্ত্রী আরও জানান, সরকার আইডিএসের আওতায় অর্থ আদায়ের নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করেনি।
এক প্রশ্নের জবাবে জেটলি বলেন, যতটা ঘোষণা পাওয়া গেছে তা বেশ ভালো। আর যে পরিমাণ অর্থ প্রদর্শনের ঘোষণা দেওয়া হয়েছে, সেটিও উল্লেখ করার মতো।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন