ভারতে ৮০% পরিবার এ বছর বড় খরচ করবে না
ভারতে ২০২২ সালে প্রতি পাঁচটি পরিবারের মধ্যে চারটিই, অর্থাৎ ৮০ শতাংশ পরিবার চার চাকার গাড়িসহ দামি কোনো সম্পদের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করবে না। আর ৭৮ শতাংশ পরিবার জানিয়েছে, এ বছরে তাদের জুয়েলারি বা গয়না কেনার কোনো পরিকল্পনা নেই।
লোকালসার্কেলস নামের একটি কমিউনিটিভিত্তিক সামাজিক নেটওয়ার্কের পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ৪৭ হাজার পরিবারের ওপর জরিপটি পরিচালনা করে। এতে মাত্র ১৫ শতাংশ বা চার কোটি পরিবার জানিয়েছে যে চলতি বছরে তাদের সম্পত্তি, গাড়ি ও গয়না কেনার পরিকল্পনা আছে। বাকি পাঁচ শতাংশ পরিবার জানায়, তারা এখনো সম্পত্তি, গাড়ি ও গয়না কেনার ব্যাপারে নিশ্চিত নয়।
যা-ই হোক, বাজারে আবার চাহিদা বাড়ছে বলে মনে করেন লোকালসার্কেলসের প্রতিষ্ঠাতা শচীন তাপারিয়া। তিনি বলেন, প্রতি সাত পরিবারের মধ্যে একটি পরিবার আবাসন সম্পদ কেনার পরিকল্পনা আছে বলে জানিয়েছে। আর প্রতি ছয় পরিবারের মধ্যে একটি জানিয়েছে তারা চার চাকার গাড়ি কিনতে আগ্রহী।...অমিক্রন ভেরিয়েন্ট বা ধরনের কারণে করোনার যে তৃতীয় ঢেউ শুরু হয়েছে, তা অর্থনীতিতে ক্ষণস্থায়ী প্রভাব ফেলতে পারে।
জরিপে চলতি বছরে ভারতের ছয় শতাংশ পরিবার বৈদ্যুতিক গাড়ি, আর সাত শতাংশ পরিবার পেট্রলচালিত গাড়ি কিনতে চায় বলে জানিয়েছে। এ ছাড়া ডিজেলচালিত গাড়ি কিনতে আগ্রহী তিন শতাংশ পরিবার।
জরিপে উত্তরদাতাদের একটি বড় অংশ জানিয়েছে যে তারা সঞ্চয়ী আমানতে অর্থ রাখা বা সোনা কেনার পরিবর্তে এবারে পুঁজিবাজারে, অর্থাৎ শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিকল্পনা করেছে।
লোকালসার্কেলসের জরিপমতে, কোভিড, তথা করোরাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ পরিবার (৬৭%) তাদের স্বাস্থ্যবিমা চালিয়ে যেতে চায়। আর ১৫ শতাংশ পরিবার বিমা কাভারেজ, তথা ক্ষতিপূরণের সীমা বাড়ানোর কথা বলেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ডটকম।