ভারতে 'সত্যম কেলেঙ্কারি'তে শীর্ষ নির্বাহীসহ ১০ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামলিঙ্গ রাজু
রামলিঙ্গ রাজু

করপোরেট দুনিয়ায় এমন অনেক কেলেঙ্কারি ঘটে থাকে, যা সব সময় জনসমক্ষে প্রকাশ পায় না। তবে সব কিছুই আবার গোপন থাকে না, প্রকাশ পেয়ে যায়। ভারতে এমনই এক কেলেঙ্কারি নিয়ে এখন হইচই চলছে; যা ‘সত্যম কেলেঙ্কারি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
ভারতের হায়দরাবাদের একটি আদালত গতকাল সত্যম কম্পিউটার্সের প্রতিষ্ঠাতা রামলিঙ্গ রাজুসহ ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন।
সত্যম কম্পিউটার্স হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীদের ২০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের করপোরেট দুনিয়ায় ঘটে যাওয়া বড় ধরনের আর্থিক দুর্নীতির মধ্যে এটি শীর্ষেই থাকবে। আর বিবিসি বলছে, ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় ধসের এই কেলেঙ্কারিকে যুক্তরাষ্ট্রের ‘এনরন’ কোম্পানির কেলেঙ্কারির সঙ্গে তুলনা করা যেতে পারে।
২০০৯ সালে সত্যম কম্পিউটার্সের বিরুদ্ধে প্রায় সাত হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সত্যমের প্রতিষ্ঠাতা রাজু ও তাঁর ভাইসহ ১০ জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়েছিল।
দোষী সাব্যস্ত হওয়ায় আদালত রামলিঙ্গ রাজুকে সাত বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি রুপি জরিমানা করেছেন। ইতিমধ্যে তিনি ৩২ মাস কারাগারে কাটিয়েছেন। রাজু অবশ্য তাঁর বিরুদ্ধে আনা ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তবে ২০০৯ সালের জানুয়ারিতে কোম্পানির হিসাবের খাতায় গোঁজামিল থাকার কথা স্বীকার করেছেন তিনি। বিপক্ষের আইনজীবীদের ভাষ্য, এটি একটি পরিকল্পিত কেলেঙ্কারি।
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও পণ্য-সেবাসহ নানা সেবাদাতা প্রতিষ্ঠান এনরন করপোরেশন ২০০১ সালের ২ ডিসেম্বর দেউলিয়া হয়ে যায়। প্রতিষ্ঠানটিতে ২০ হাজার কর্মী ছিল। ফরচুন সাময়িকীর চোখে এনরন টানা ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ছিল। দেউলিয়া হওয়ার এক বছর আগেও প্রতিষ্ঠানটির আয় দেখানো হয়েছিল এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি। অথচ বছর ঘুরতে না ঘুরতেই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটির ‘আর্থিক হিসাবে গোঁজামিল’ দেওয়ার বিষয়টি উঠে আসে। তখন থেকেই করপোরেট জগতে ইচ্ছাকৃত প্রতারণা ও দুর্নীতির উদাহরণ হয়ে ওঠে এনরন।
ভারতের বর্ধিষ্ণু সফটওয়্যার বাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সত্যম কম্পিউটার্স। প্রতারণার কারণে ২০০৯ সালে প্রতিষ্ঠানটির ৫০ হাজার কর্মী বিপদে পড়ে যান। তবে সরকারি হস্তক্ষেপে কর্মীরা রক্ষা পান। ওই বছরই টেক মাহিন্দ্রা এই কোম্পানির কিছু অংশ কিনে নেয়। সূত্র: বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া