ভারতের ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা কাপুর। ছবি: রয়টার্স
রানা কাপুর। ছবি: রয়টার্স

অর্থ কেলেঙ্কারির দায়ে ভারতের ইয়েস ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে রানা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় দেশটির অন্যতম অপরাধ নিয়ন্ত্রক সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। মুম্বাইয়ে বেলার্ড এস্টেটের ইডি দপ্তরে তাঁকে টানা ২০ ঘণ্টা জেরা করা হয়। জেরায় ইয়েস ব্যাংকের কর্ণধার সহযোগিতা করেননি বলে অভিযোগ পাওয়া যায়। এরপর তাঁকে গ্রেপ্তার দেখায় কেন্দ্রীয় সংস্থা। আজ সকালে রানা কাপুরের স্ত্রী বিন্দু কাপুরকেও জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে আনা হয়েছে। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়েস ব্যাংক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাংক। আর্থিক সংকটে পড়ে ব্যাংকটি বন্ধের উপক্রম হয়েছে। এ জন্য সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তবে গতকাল সন্ধ্যায়ও ব্যাংকটির ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলছিল। এতে বলা হয়েছে, ইয়েস ব্যাংকের এটিএম বুথগুলো চালু হয়েছে। গ্রাহকেরা যেকোনো হিসাব থেকে সর্বোচ্চ ৫০ হাজার রুপি তুলতে পারবেন। অথচ গত বৃহস্পতিবার মূলধন সমস্যা ও বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ইয়েস ব্যাংক থেকে ৫০ হাজার রুপির বেশি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

ইডি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো জানায়, তদন্তে অসহযোগিতা এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইয়েস ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে উপস্থাপন করা হবে। রানা কাপুরের বিরুদ্ধে অর্থ পাচার করার অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে রানার মুম্বাইয়ের বাড়ি ‘সমুদ্র ভবনে’ তল্লাশি শুরু করে ইডি। তল্লাশিতে বের হয়, দেওয়ান হাউজিং ফিন্যান্স লিমিটেডের (ডিএইচএফএল) মালিক ধীরাজ ওয়াধাবানের সংস্থা আর কে ডব্লিউ ডেভেলপার্সকে ৬০০ কোটি রুপি ঋণ দিয়েছিল ইয়েস ব্যাংক। এই ঋণের অর্থ আর ব্যাংকটিতে ফেরত আসেনি। দিল্লি ও মুম্বাইয়ে রানার তিন মেয়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। ইডি বলছে, রানা ইয়েস ব্যাংকের শীর্ষ পদে থাকার সময় এমন বহু সংস্থাকে ঋণ দেওয়া হয়েছিল, যে কোম্পানিগুলো ছিল লোকসানে। ঋণের অর্থ ফেরত না পাওয়ার আশঙ্কা থাকলেও রানার নির্দেশে তাদের ঋণ মঞ্জুর করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশ পাওয়ার করপোরেশন লিমিটেডের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড জালিয়াতি (ইপিএফ) সম্পর্কিত একটি অভিযোগও তদন্ত করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ইয়েস ব্যাংকের পতন ঠেকাতে এগিয়ে আসে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। ২ হাজার ৪৫০ কোটি টাকা দিয়ে ইয়েস ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার কেনার কথা জানায় সরকারি খাতের এসবিআই। ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই অনুমোদনও দেয়। তবে সেদিন থেকেই তদন্তও শুরু হয়ে যায়।

মূলধন সমস্যা ও বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ইয়েস ব্যাংক থেকে ৫০ হাজার রুপির বেশি তোলার ওপর গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে জানিয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকটির আর্থিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। গ্রাহকদের আস্থা ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণার পর ইয়েস ব্যাংকের শেয়ার দরে বড় পতন হয়। ৮৫ শতাংশ কমেছে এর শেয়ারের দাম। এদিকে আমানতকারীদের অর্থ খোয়া যাবে না বলে গত শুক্রবার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রামনিয়াম ও আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।