ভারতের এলআইসি বিমা ব্যবসার লাইসেন্স পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জীবনবিমা ব্যবসা করার সুযোগ পাচ্ছে ভারত। এ জন্য নিবন্ধন (লাইসেন্স) দেওয়া হচ্ছে ভারতের জীবনবিমা কোম্পানি ‘লাইফ ইনস্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া’ বা এলআইসিকে। বাংলাদেশে এটি পরিচালিত হবে ‘এলআইসি বাংলাদেশ লিমিটেড’ নাম নিয়ে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গতকাল রোববার এলআইসিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। গতকালই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সিদ্ধান্তের কথা জানিয়েছে আইডিআরএ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য গত জানুয়ারিতেই এলআইসিকে নিবন্ধন দিতে ইতিবাচক মত দিয়েছিলেন।
৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসছেন। তাঁর সফরসঙ্গী হতে পারেন এলআইসির চেয়ারম্যান এস কে রায়। ওই দিন তাঁর হাতে এলআইসিকে নিবন্ধন দেওয়ার সম্মতিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার সন্দীপ ক্রবর্তী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এলআইসির ব্যাপারে আইডিআরএর সম্মতিপত্রের খবর পেয়েছি। কোম্পানিটি কাজ করার সুযোগ পেলে আমি নিশ্চিত বাংলাদেশে জীবনবিমা করার হার বেড়ে যাবে।’
ভারতের জীবনবিমা ব্যবসায়ের সিংহভাগ এলআইসির দখলে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির জনবল ১ লাখ ২০ হাজার। ১৫ লাখ ৬০ হাজার ৪৮২ কোটি রুপি মূল্যের সম্পদ রয়েছে এলআইসির। এটি হবে বাংলাদেশে পরিপূর্ণভাবে বিমা ব্যবসা করার প্রথম বিদেশি কোম্পানি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ-আলিকো বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি নয়, মূল কোম্পানির শাখা হিসেবে কাজ করছে।
দেশে বর্তমানে রাষ্ট্র খাতের জীবন বীমা করপোরেশন (জেবিসি), বিদেশি মেটলাইফ আলিকো এবং ২৯টি বেসরকারি জীবনবিমা কোম্পানি রয়েছে। তবে ব্যবসা করছে মূলত জেবিসি, আলিকো ও ১৬টি বেসরকারি কোম্পানি। অন্য ১৩টি ২০১৩ সালে নিবন্ধন পায়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য এলআইসিকে কিছু শর্ত দিচ্ছে আইডিআরএ। এখন সম্মতিপত্র দেওয়া হলেও নিবন্ধন দেওয়া হবে শর্ত পূরণের পর। প্রথম শর্তই হচ্ছে এটিকে বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি হতে হবে। এ ছাড়া পরিশোধিত মূলধন হতে হবে ১০০ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ শতাংশ এলআইসিকে ধারণ করতে হবে এবং এ অর্থ বৈদেশিক মুদ্রায় আনতে হবে।
এ ছাড়া ১০ শতাংশ পরিশোধিত মূলধন থাকবে বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বাকি ৪০ শতাংশ তুলতে হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে।
এর বাইরে নিবন্ধন পাওয়ার আগেই প্রস্তাবিত কোম্পানিটির একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে, যিনি বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে তাঁর কর্মপরিকল্পনার কথা নিয়ন্ত্রক সংস্থাকে জানাবেন। এসব শর্ত পূরণের পরই চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে এলআইসিকে।
আইডিআরএ সূত্র জানায়, নিবন্ধন পেতে এলআইসি প্রথম আবেদন করে ২০১৩ সালের এপ্রিলে। আবেদনটি ত্রুটিপূর্ণ হওয়ায় ডিসেম্বরে আইডিআরএ তা নাকচ করে দেয়। ২০১৪ সালের জানুয়ারিতে পুনর্বিবেচনার জন্য আইডিআরএর কাছে আপিল করে এলআইসি। চলতি বছরের শুরু থেকে এ ব্যাপারে তৎপরতা শুরু হলে কাজটি এগোতে থাকে।
আইডিআরএ সূত্র জানায়, বিদেশি জীবনবিমা কোম্পানির বাংলাদেশে কাজ করা বিষয়ে গত ১২ জানুয়ারি একটি নোট দেন অর্থমন্ত্রী, যা পরে আইডিআরএর কাছে পাঠানো হয়। এতে বলা হয়, ‘তাইও এবং এলআইসির মতো খ্যাতনামা কোম্পানিকে আকৃষ্ট করতে আমরা বিমা খাতে বৈদেশিক বিনিয়োগের হার ৬০ শতাংশ পর্যন্ত ব্যবস্থা রাখি। দুর্ভাগ্যবশত দুটি প্রতিষ্ঠানের আবেদনপত্র আমাদের দেশীয় সহযোগীর দুর্বলতার কারণে যাচাই-বাছাই পর্যায়ে বাদ পড়ে যায়।’
অর্থমন্ত্রী এতে আরও বলেন, ‘তাঁরা এখন নতুন নতুন প্রস্তাব নিয়ে আসতে চাচ্ছেন। আমরা তাঁদের বিদেশি বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেও রাজি আছি। পার্টনারশিপ প্রস্তাব নিয়েও তাঁরা আসতে পারেন।’
এলআইসির পাশাপাশি জাপানের মিৎসুই সুমিমাতো তাইও লাইফ এবং যুক্তরাজ্যের প্রুডেনশিয়াল লাইফও আবেদন করেছিল। সবার আবেদনই তখন নাকচ হয়।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) জানায়, প্রতি হাজারে চারজন মানুষ জীবনবিমা পলিসির আওতায় রয়েছে, যা কয়েক গুণ বাড়তে পারে। বাংলাদেশে এলআইসির আগমনকে কীভাবে দেখছেন—জানতে চাইলে বিআইএর সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বাগত জানাই। কারণ, এতে এ দেশের মানুষই উপকৃত হবে।’