ভারতের খোলাবাজার থেকে বিদ্যুৎ কেনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভারতের খোলাবাজার থেকে ৩০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে। আর চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রে গ্যাসভিত্তিক উৎপাদনের পাশাপাশি সংযোজন করা হবে ডুয়েল-ফুয়েল পদ্ধতি।
সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই দুটিসহ মোট নয়টি ক্রয়-প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান জানান, খোলাবাজার থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে ভারতের সরকারি সংস্থা এনভিভিএনকে কমিশনের বিনিময়ে এক বছরের জন্য ট্রেডিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ভারতে খোলাবাজারে বিদ্যুতের মূল্য প্রতি ১৫ মিনিট পর পর পরিবর্তন হয়। ২০১৩-১৪ অর্থবছরে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দর ছিল ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন ১ দশমিক ৭১ রুপি ও সর্বোচ্চ ৪ দশমিক ১৮ রুপি।
এই বিষয়ক সার-সংক্ষেপে বলা হয়েছে, ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয় ২০১৩ সালের ৫ অক্টোবর। কিন্তু শুরু থেকেই ৩০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এই ঘাটতি পূরণেই খোলাবাজার থেকে বিদ্যুৎ কেনা দরকার।
এদিকে দেশে প্রকল্প গ্রহণের পাঁচ বছর পর শিকলবাহা গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট কেন্দ্রে ডুয়েল-ফুয়েল পদ্ধতি সংযোজনের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। ২৬১ কোটি টাকা ব্যয়ের এ কাজ যৌথভাবে পেয়েছে চীনা প্রতিষ্ঠান ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিসিসি ইঞ্জিনিয়ারিং। জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই অর্থের জোগান দেবে।
অনুমোদিত অপর সাত প্রস্তাব: যুগ্ম সচিব জানান, দেশের উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় গভর্ন্যান্স ইমপ্রুভভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৫০ লাখ টাকা।
নোয়াখালীর নতুন ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদীর ওপর ‘মুছাপুর ক্লোজার’ নির্মাণ এবং মুছাপুর রেগুলেটরের সংযোগখাল আবার খননের জন্য একক উৎস হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’-কে নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৯৪ কোটি টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের সেতু নির্মাণকাজের প্যাকেজ বি-২-এর আওতায় লালপুল সেতু (২২ দশমিক ৭৭৫ মিটার), লেমুয়া সেতু (৯৩ দশমিক ৩০ মিটার), মুহুরি সেতু (১৮৮ দশমিক ৬০ মিটার), ধুমঘাট সেতু (২১৫ দশমিক ৭০ মিটার) ও চট্টগ্রাম রেল ক্রসিংয়ের ওপর ওভারপাস (৩১ দশমিক ৯৩৭ মিটার) নির্মাণকাজের ভেরিয়েশন অর্ডার-১ (ব্যয় বৃদ্ধি) অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির ব্যয় আগের চেয়ে ২৮ কোটি ৭২ লাখ বেড়ে ১৬৫ কোটি ৫৪ লাখ টাকায় উন্নীত হবে।
‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য ২ হাজার ৮৩১টি ল্যাপটপ ও সমসংখ্যক মাল্টিমিডিয়া প্রজেক্টর কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ৩২ কোটি টাকা।
‘১০টি ড্রেজার, ক্রেনবোট, ট্যাগবোট, অফিসার্স হাউজবোট, ক্রু-হাউজবোটসহ অন্যান্য সরঞ্জামাদি-যন্ত্রপাতি সংগ্রহ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি ট্যাগবোট ও একটি বয়া কেনা হবে। ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে ভোস্তা এলএমজি-কর্ণফুলী কোম্পানি।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার জন্য ছয় কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১০০ কোটি টাকা ব্যয়ের এ সংযোগসড়ক নির্মাণ করবে তমা কনস্ট্রাকশন। এ ছাড়া প্রতিটন ২৭৯ দশমিক ৭৫ ডলার দরে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ১১০ কোটি ৫০ লাখ টাকা।