ভারতের তুলা রপ্তানি কমবে

ভারত চলতি মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম তুলা রপ্তানি করবে। বিশ্ববাজারে ভারতীয় তুলার দুই প্রধান আমদানিকারক চীন ও বাংলাদেশের কাছে ভারতীয় তুলার চাহিদা কমে যাওয়ায় এ রকমটি হতে যাচ্ছে। খবর ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড-এর।
ভারত গত মৌসুমে প্রায় এক কোটি ১৮ লাখ বেল তুলা বিশ্ববাজারে রপ্তানি করেছিল। চলতি মৌসুমে তা কমে ৬৫ থেকে ৭০ লাখ বেল হতে পারে বলে প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে। (এক বেল = ১৭০ কিলোগ্রাম)।
এর ফলে অভ্যন্তরীণভাবে বিপুল পরিমাণ তুলার মজুত গড়ে উঠবে, যা আবার ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
দেশটির বৃহত্তম তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান ভাদ্রেশ ট্রেডিং করপোরেশনের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক পার্থ মেহতা মনে করছেন, চলতি বছর ৬৫ থেকে ৭০ লাখ বেল তুলা রপ্তানি করা সম্ভব হবে। তার এই অনুমান কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার অনুমিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আরেক বড় তুলা রপ্তানিকারক সানি ট্রেক্সিমের পরিচালক সঞ্জয় মিত্তালও একই কথা বলেছেন। তবে কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব ডি কে নায়ার বলেছেন, ভারতের তুলা রপ্তানি এবার কটন অ্যাডভাইজারি বোর্ডের প্রাক্কলিত ৯০ লাখ বেল যে হবে না, তা নিশ্চিত। কিন্তু এখনোই কোনো প্রাক্কলন অতি আগাম হয়ে যাবে।
বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মাসগুলোয় চীন ভারত থেকে তুলা আমদানি কমিয়ে দিয়েছে। আবার বাংলাদেশও দাম বেড়ে যাওয়ায় ভারতীয় তুলা আমদানি শ্লথ করেছে। ভারতের মোট রপ্তানি ৬০ শতাংশ যায় চীনে, অন্যদিকে বাংলাদেশ গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ তুলা আমদানি করে থাকে। তবে দাম বাড়ায় এবার তা কমে ২৫ শতাংশ হতে পারে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক শফিকুল ইসলাম সরকার বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, ভারতে তুলার দাম আন্তর্জাতিক বাজার থেকে বেশি। আর তাই বাংলাদেশি মিলগুলো যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে তুলনামূলক কম দামে তুলা আমদানি করবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তুলার দাম কয়েক মাস ধরে কমছে। প্রতি পাউন্ড তুলার দর এখন গড়ে প্রায় ৬০ সেন্ট। আর ভারতীয় তুলা গড়ে প্রতি পাউন্ড প্রায় ৭০ সেন্ট। বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজারেও দাম কমেছে।
বর্তমানে ভারত, পাকিস্তান ও চীন বিশ্বের মোট তুলা উৎপাদনের ৬০ শতাংশ জোগান দেয়। ভারত বড় উৎপাদক হলেও সামান্য তুলা আমদানি করে। আর চীন বড় আমদানিকারক হলেও অভ্যন্তরীণভাবে তুলা উৎপাদন করে।
শফিকুল আরও বলেছেন, বাংলাদেশের স্পিনিং কারখানাগুলোর সক্ষমতা তেমনভাবে না বাড়ায় তুলার চাহিদাও তেমন বাড়ছে না।
চলতি বছর বাংলাদেশের তুলার চাহিদা প্রাক্কলন করা হয়েছে সাড়ে আট লাখ থেকে নয় লাখ টন, যেখানে গত বছর এটি ছিল আট লাখ টন।
ভারতীয় কটন অ্যাসোসিয়েশনের পূর্বাভাস হলো, চলতি ২০১৪-১৫ মৌসুমে ভারতে চার কোটি বেল তুলা উৎপাদিত হবে, যেখানে ভারতের অভ্যন্তরীণ চাহিদা প্রাক্কলন করা হয়েছে তিন কোটি বেল। তার মানে প্রায় এক কোটি বেল তুলা উদ্বৃত্ত হবে। এর সঙ্গে আগের মজুত যুক্ত হলে মোট উদ্বৃত্ত দাঁড়াবে এক কোটি ৭০ লাখ বেল।