ভারতের প্রতি আগ্রহ বাড়ছে বৈশ্বিক কোম্পানিগুলোর
করোনা–পরবর্তী সময়ে অর্থনীতি ঠিক রাখতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু কোম্পানিই চীনের ওপর নির্ভরশীলতা কমানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে গোল্ডম্যান স্যাকস থেকে শুরু করে আইবিএম, ডিএইচএল ও ব্রুকফিল্ডসহ বেশ কিছু শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভারতে তাদের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে চাইছে বলে ভারত সরকারকে জানিয়েছে। খবর টাইমস
অব ইন্ডিয়ার
যুক্তরাষ্ট্রের সেবা খাতে বিপুলসংখ্যক ভারতীয় প্রকৌশলী কাজ করছেন। গোল্ডম্যান স্যাকসের প্রতিনিধিরা গত সপ্তাহে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বলেছেন, এ বছর তারা ভারতীয় প্রকৌশলীর সংখ্যা তিন গুণ না হলেও অন্তত দ্বিগুণ বাড়াতে চান। বিশ্বের সবখানেই তারা ভারতীয়দের নিয়োগ দিতে আগ্রহী।
সম্প্রতি ভারতে কাজের পরিসর বৃদ্ধি করেছে ডিএইচএল। গোল্ডম্যানের মতো তারাও বলেছে, ভারতের কার্যক্রম আরও বাড়ানোর জন্য পথ খোঁজা হচ্ছে।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালও আইবিএম এবং ব্রুকফিল্ড থেকে শুরু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো বহুজাতিক কোম্পানির সিইওদের কাছ থেকে একই বার্তা পেয়েছেন বলে জানা গেছে।
দাভোসের এক কর্মকর্তা বলেছেন, ‘বিনিয়োগের সুবিধার্থে এবার বৈশ্বিক এই কোম্পানিগুলো নিয়ম পরিবর্তনের দাবি তেমন একটা তোলেনি। ভারত এই মুহূর্তে বৈশ্বিক কোম্পানিগুলোর বিনিয়োগের পছন্দনীয়। এই পালাবদল এগিয়ে নেওয়া আমাদের কর্তব্য।’
সম্প্রতি ভারত বেশ কিছু দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। এতে স্বাভাবিকভাবেই ভারতের ব্যবসার পরিবেশের উন্নয়ন হয়েছে। অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত থেকে কানাডা পর্যন্ত সব বাণিজ্য অংশীদার এখন ভারতকে আরও ইতিবাচকভাবে দেখা শুরু করেছে।
ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু কোম্পানি কোভিড-পরবর্তী বিশ্বে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত ভারতের জন্য সহায়ক হয়েছে, যদিও ভিয়েতনামে প্রচুর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসছে এবং তারাও নিজেদের ভিত শক্ত করছে।
বৈশ্বিক কোম্পানিগুলো বুঝতে পারছে, ভারত যেমন বিশ্বব্যাপী দক্ষ জনশক্তির প্রয়োজন মেটাচ্ছে, তেমনি তাদের বড় বাজারও আছে। এখন সবাই এই বাজারের সুবিধা নেওয়ার চিন্তা করছে।