ভারতের বাজারে আসছে বিএমডব্লিউ এক্স৩

ভারতের বাজারে আসছে ‘বিএমডব্লিউ এক্স৩’ মডেলের নতুন গাড়ি। ২৮ আগস্ট থেকে গাড়িটি পাওয়া যাবে।
বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বিএমডব্লিউর ভারতীয় প্রতিষ্ঠান বিএমডব্লিউ ইন্ডিয়া নতুন মডেলের গাড়িটি বাজারে আনবে। এ বছরই অনুষ্ঠেয় জেনেভা মোটর শোতে গাড়িটি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে।

গতকাল বুধবার এনডিটিভির খবরে বলা হয়, নতুন মডেলের বিলাসবহুল এ গাড়িতে প্রধানত বাহ্যিক কিছু পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে সামান্য যান্ত্রিক উন্নতিও করা হয়েছে।
‘বিএমডব্লিউ এক্স৩’ মডেলের নতুন এই গাড়িতে নকশাগত যে পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো হেডলাইট। নতুন মডেলের গাড়ির সামনের ড্যাশ বোর্ডে নতুন ধরনের জোড়া হেডলাইট থাকবে। এ ছাড়া বাম্পার, পেছনের লাইট ও চাকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গাড়ির ভেতরের দিকে সামান্য পরিবর্তন আনা হলেও সামগ্রিক নকশা ও মাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে।
এ দিকে নতুন মডেলের এই গাড়িতে দুই এবং তিন লিটার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে দুই লিটার ডিজেল ইঞ্জিন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।