ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলোর একটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ঘটনাকে সেই দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলোর মধ্যে অন্যতম একটি বলে অভিহিত করেছেন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা।
দেশটির শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা সন্সের কর্ণধার গতকাল শনিবার এক টুইটবার্তায় বলেন, ‘রুপি নোট বাতিলের এই ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি অর্থনৈতিক সংস্কারের একটি। বাকি দুই সংস্কার হলো ডিলাইসেন্সিং ও জিএসটি। প্রধানমন্ত্রী সম্প্রতি যেভাবে মোবাইল ফোন ও ডিজিটাল পেমেন্ট বা লেনদেন বাড়ানোর প্রতি যেভাবে জোর দিয়েছেন, তাতে একদিন ভারতের অর্থনীতিকে নগদ অর্থের পরিবর্তে নগদবিহীন (ক্যাশলেস) বা প্রযুক্তিভিত্তিক অর্থনীতিতে উন্নীত করবে। এর ফলে দীর্ঘ মেয়াদে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন।’
রতন টাটা বলেন, ভারতে সমান্তরাল অর্থনীতির (কালোটাকার কারবার) কারণে কর ফাঁকি দেওয়া, অবৈধ আর্থিক লেনদেন ও দুর্নীতির প্রবণতা ব্যাপক হারে বেড়ে গেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসীম সাহসের সঙ্গে রুপির দুটি বড় নোট বাতিলের মাধ্যমে কালোটাকার দৌরাত্ম্য কমানোর যুদ্ধে নেমেছেন।
টাটার চেয়ারম্যান বলেন, সরকার কালোটাকার ব্যাপকতা রোধে যে পদক্ষেপ নিয়েছে, সেটির প্রতি ভারতের সব সমমনা মানুষের সমর্থন প্রয়োজন। যাঁরা ভবিষ্যতে ভারতে মেধা ও সমান সুযোগের ভিত্তিতে সম্পদের সুষম বণ্টন দেখতে চান তাঁদের উচিত সরকারকে সহযোগিতা করা।
এর আগেও রতন টাটা ওই দুটি রুপি নোট বাতিলের সরকারি সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছিলেন। এতে কালোটাকা ও দুর্নীত নির্মূল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট বাতিল ঘোষণা করে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। জনগণের অস্বস্তি-ভোগান্তি বেড়েছে। দানা বেঁধে উঠেছে ক্ষোভ-অসন্তোষ। বিষয়টি ইতিমধ্যে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। লোকসভাও উত্তপ্ত হয়েছে সরকারি ও বিরোধী দলের বক্তব্য-পাল্টাবক্তব্যে। মিছিল-সমাবেশও হয়েছে দফায় দফায়। এখনো গোটা ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল-কাণ্ডে তুমুল তোলপাড় চলছে। সূত্র: বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড।