ভালো ব্যবসার পরও কমছে টেসলার শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ১১০ কোটি মার্কিন ডলার আয়ের রেকর্ড গড়েছে। এটি আগের প্রান্তিকের প্রায় দ্বিগুণ। এরপরও মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিট থেকে সাড়া পাচ্ছে না টেসলা। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত টেসলার শেয়ারের দর ৩ শতাংশ কমেছে, এ তথ্য জানিয়ে সিএনএন বলছে, গত বছর শেয়ারবাজারের সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠানটির জন্য বছরটি খুব ভালো যাবে না।

গত প্রান্তিকে ব্যবসা ভালো করলেও টেসলা আদতে অনেক ধরনের সমস্যায় আছে, যা তাদের ভবিষ্যৎ ব্যবসা প্রভাবিত করছে। গত সোমবার টেসলার প্রধান পরিচলন কর্মকর্তা ইলন মাস্ক ও অন্য পরিচালকেরা একটি কনফারেন্স কল করেন। গতকাল বিনিয়োগকারীদের চোখ সেই বৈঠকের দিকেই ছিল।

বৈঠকের তথ্য বলছে, সামনে টেসলার সময় খুব ভালো যাবে না। প্রথমত, টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সাইবারট্রাক পিকআপ বাজারে ছাড়ার সময় আবারও পিছিয়ে দিয়েছে। এবার তাদের সমস্যা ব্যাটারি নিয়ে। ৪৬৮৯ নামের যে ব্যাটারি এক চার্জে অনেক দূর যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসার কথা ছিল, তার উৎপাদনে সমস্যার সম্মুখীন হচ্ছে টেসলা। এ কারণে যে সময়ের মধ্যে ব্যাটারিটি আসার কথা ছিল, তা আসবে না। কিন্তু সেটা কবে আসবে, তার সময়সীমাও টেসলা এখন দিতে পারছে না।

এদিকে টেসলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ির আগাম বিক্রি শুরু করেছে। তবে প্রযুক্তিগত দিক থেকে তা এখনো সম্পূর্ণ নয়। যদিও মাস্ক এখন বলছেন, আগামী বছরে এ গাড়ি বাজারে চলে আসবে।

এ বিতর্কের পরও টেসলা শেয়ারবাজারে মোটামুটি অবস্থান ধরে রেখেছে। শেয়ারবাজারে ৩৮টি বিশ্লেষক প্রতিষ্ঠান টেসলার শেয়ার কেনার পক্ষে, যার মধ্যে আটটি প্রতিষ্ঠান জোর সুপারিশ করেছে; ছয়টি বলেছে, টেসলার শেয়ার কেনা যেতে পারে; আর বাকি ১৫টি বলেছে, টেসলার শেয়ার ধরে রাখতে হবে।